মাগুরায় গ্রামীণফোন কর্মকর্তাকে কুপিয়ে আহত
মাগুরা শহরে রোববার গ্রামীণফোনের কাস্টমার কেয়ার ম্যানেজারকে কুপিয়েছে ‘দুর্বৃত্তরা’।
শহরের এম আর রোডে গ্রামীণফোন কাস্টমার কেয়ার সেন্টারে এ হামলা হয় বলে জানিয়েছেন আহত ম্যানেজার শরিফুল ইসলাম।
শরিফুল ইসলাম বলেন, শনিবার বিকাল ৫টার দিকে মিঠুন ও সেজান নামের দুই যুবক সিম রিপ্লেসমেন্টের জন্য আসেন।
তাদের কাছে ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি চাইলে তারা তা দিতে অস্বীকার করেন এবং তাত্ক্ষণিকভাবে রিপ্লেসমেন্ট দাবি করেন। এ সময় দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।
রোববার বিকালে আরো তিনজনসহ ওই যুবকরা এসে লাঠি এবং চাপাতি দিয়ে হামলা চালায়।
মাগুরা সদর থানার ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, “হামলার বিষয়টি আমরা জেনেছি। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
শরিফুল মাগুরা সদর হাসপাতালে চিকিত্সা নিয়েছেন বলে জানান পুলিশ কর্মকর্তা।
এ ঘটনায় গ্রামীণফোন সেন্টারের ম্যানেজার কাজী আশরাফুল ইসলাম বাদী হয়ে পাঁচ জনের নামে মাগুরা সদর থানায় মামলা করেছেন।
