২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাশনাল সার্ভিস কর্মীদের টাকা পরিশোধের দাবি

বরগুনার আমতলী ও তালতলী উপজেলার ন্যাশনাল সার্ভিস কর্মীদের চাকরির মেয়াদ শেষ হলেও তারা নিজেদের জমা রাখা টাকা এবং এক মাসের ভাতা পাননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2013, 01:13 PM

Updated : 23 Aug 2022, 10:25 AM

এ টাকা পরিশোধের দাবিতে শুক্রবার তারা বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, অস্থায়ী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণায়ের অধীনে যুব উন্নয়ন অধিদপ্তর পরিচালিত ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় বরগুনায় প্রায় ১০ হাজার বেকার তরুণ-তরুণীকে চাকরি দেয়া হয়।

এদের মধ্যে আমতলী ও তালতলী উপজেলায় প্রথম ধাপে ৮০০ জন চাকরি পান।

এসব কর্মীর ২০১২ সালের অগাস্টে চাকরির মেয়াদ শেষ হয়ে গেছে। কিন্তু তারা ২০১২ সালের মার্চ মাসের কর্মভাতা এবং মাসে মাসে তাদের প্রত্যেকের জমা রাখা ৪৮ হাজার টাকা এখনও ফেরত পাননি।

বরগুনা জেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, টাকা বরাদ্দ থাকলেও অফিসিয়াল কিছু সমস্যার কারণে তাদের টাকা ছাড় দেয়া যায়নি। তারপরও অল্প সময়ের মধ্যে এসব কর্মীদের পাওনা পরিশোধ করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান।