রাষ্ট্রপতির কফিন বনানী কবরস্থানে
জাতীয় ঈদগাহে জানাজা শেষে বনানী কবরস্থানে পৌঁছেছে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মরদেহ।
সেখানে স্ত্রী আইভি রহমানের কবরে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে বাংলাদেশের উনিশতম রাষ্ট্রপতিকে।
বুধবার বিকালে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। তার বয়স হয়েছিল ৮৪ বছর।
বৃহস্পতিবার সিঙ্গাপুর থেকে তার মরদেহ দেশে আনার পর বঙ্গভবনে রাষ্ট্রীয় মর্যাদায় রাষ্ট্রপতির প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়। শুক্রবার সকালে কিশোরগঞ্জের ভৈরবে হয় তার প্রথম জানাজা।
দুপুরে এক ঘণ্টার জন্য রাষ্ট্রপতির মরদেহ বঙ্গভবনের দরবার হলে রাখা হয়। বিভিন্ন বন্ধু দেশের প্রতিনিধি, কূটনীতিক ও বিদেশি অতিথিরা সেখানে জিল্লুর রগমানের প্রতি শেষ শ্রদ্ধা জানান।
জুমার নামাজের পর জাতীয় ঈদগাহে রাষ্ট্রতির দ্বিতীয় জানাজায় অংশ নেয় বিভিন্ন শ্রেণি পেশার লাখো মানুষ।
জানাজা শেষে রাষ্ট্রপতির মরদেহ নিয়ে বনানী কবরস্থানের দিকে রওনা হয় ফুলে ফুলে সাজানো সেনা বাহিনীর একটি পিকআপ। বনানীর পথে গুলশানে জিল্লুর রহমানের নিজের বাড়ি ‘আইভি’স লেগাসিতে কিছু সময় রাখা হয় তার কফিন।
২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ার আগে এই স্ত্রী আইভি রহমানের নামে গড়া এই বাড়িতেই থাকতেন জিল্লুর রহমান।
অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদসহ মন্ত্রিসভার সদস্যরা শববাহী গাড়ির আগেই বনানী কবরস্থানে পৌঁছান।
তাদের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় রাষ্ট্রপতিকে দাফন করা হবে।
