রামুকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সাক্ষ্য নিল তদন্ত কমিটি
রামুর বৌদ্ধ বিহার ও বসতিতে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি দ্বিতীয় দিনে ক্ষতিগ্রস্ত লোকজন ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নিয়েছে।
কমিটির সদস্যরা বৃহস্পতিবার সকালে চাকমারকুল অজন্তা বৌদ্ধ বিহার ও উত্তর ফতেখাঁরকুল বিবেকারাম বৌদ্ধ বিহার পরিদর্শন করেন। এসময় ক্ষতিগ্রস্ত ওই দুই বৌদ্ধ বিহারের ভিক্ষু, দায়ক-দায়িকাসহ স্থানীয়রা গত ২৯ সেপ্টেম্বরের সহিংসতার বিবরণ তদন্ত কমিটির কাছে তুলে ধরেন।
পরিদর্শন শেষে তদন্ত কমিটির প্রধান চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. আবদুল কুদ্দুস মিয়া ও কমিটির অপর দুই সদস্য চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক (জেলা জজ) শরীফ মোস্তফা করিম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা অধিদপ্তর-২ এর উপ-সচিব মো. জহুরুল ইসলাম রামু উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষতিগ্রস্ত ভিক্ষু, বৌদ্ধ নর-নারী ও স্থানীয় প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য গ্রহণ করেন।
বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত তারা সাক্ষ্য নেন।
তদন্ত কমিটির প্রধান আবদুল কুদ্দুস মিয়া সাংবাদিকদের বলেন, তারা ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেছেন এবং তাদের সাক্ষ্য নেন। তদন্ত কার্যক্রম অব্যাহত থাকবে। তবে কয়জনের সাক্ষ্য নেয়া হয়েছে তদন্তের স্বার্থে তা জানাননি তিনি।
গত দুই দিনে ক্ষতিগ্রস্ত এগারটি বৌদ্ধ বিহার, একটি বৌদ্ধ পল্লী পরির্দশন ও ২৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয় বলে জানা যায়।
বৌদ্ধ বসতিতে হামলা ও সহিংসতার ঘটনা তদন্তে গঠিত তিন সদস্যের এই তদন্ত কমিটি বুধবার সকালে রামু পৌঁছায়।
এরপর তারা ক্ষতিগ্রস্ত বিভিন্ন বৌদ্ধ বিহার ও বসতি ঘুরে দেখেন এবং বৌদ্ধ ভিক্ষু ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।
ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগ তুলে গত ২৯ সেপ্টেম্বর রাতে রামুতে বৌদ্ধবসতিতে রাতভর তাণ্ডব চালায় ধর্মীয় উগ্রপন্থীরা। রামু উপজেলার সাতটি বৌদ্ধ মন্দির, প্রায় ৩০টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেয়া হয়। হামলা, ভাংচুর ও লুটপাট চালানো হয় আরো শতাধিক বাড়ি ও দোকানে।
ওই ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, বৌদ্ধ বসতিতে হামলার ঘটনায় রোহিঙ্গা ছাড়াও দুই শতাধিক ব্যক্তির সম্পৃক্ততা পেয়েছেন তারা।
এরপর একটি রিট আবেদনের প্রেক্ষিতে হাই কোর্ট বিচার বিভাগীয় কমিটি করে বিষয়টি তদন্ত করে দেখার নির্দেশ দেয়।
