মেহেরপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
মেহেরপুরের মুজিবনগর উপজেলায় এক বিএনপি নেতাকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক হেলাল উদ্দিনকে খুন করা হয় বলে পুলিশ জানিয়েছে।
ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় সাবেক সাংসদ (মেহেরপুর-১) মাসুদ অরুনের নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা।
মুজিবনগর থানার ওসি রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যায় দুর্বৃত্তরা হেলালের বাড়ির প্রবেশ পথে তাকে লক্ষ্য করে চারটি বোমার বিস্ফোরণ ঘটায়। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করে তাকে। এ সময় দুর্বৃত্তদের ছোড়া বোমায় আহত হন নিহতের কলেজপড়ুয়া মেয়ে মিতু।
আশঙ্কাজনক অবস্থায় মিতুকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায় পুলিশ।
ওসি আরো জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কী কারণে, কারা তাকে হত্যা করেছে পুলিশ তা খতিয়ে দেখছে।
জেলার পুলিশ সুপার মোজাফ্ফর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
