২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে পুলিশের সঙ্গে সংঘর্ষ, নিহত ১

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় আসামি ধরতে গিয়ে আক্রমণের মুখে পড়েছে পুলিশ। এ সময় সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2013, 06:26 AM

Updated : 23 Aug 2022, 10:25 AM

বৃহস্পতিবার ভোর রাত ৪টার দিকে মহেশপুরের দারিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে ঝিনাইদহের পুলিশ সুপার ( এসপি) আলতাফ হোসেন জানান।

গুলিতে নিহত ইন্তাজ আলী (৩০) কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নয় বলে তার পরিবার জানালেও তাকে নিজেদের কর্মী বলে দাবি করেছে বিএনপি। এ ঘটনায় আরো চার জন গুলিবিদ্ধ হয়েছেন।

এসপি আলতাফ হোসেন জানান, গত ২৮ ফেব্রুয়ারি মহেশপুরে পুলিশের ওপর জামায়াত-শিবিরের হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি ধরতে গিয়ে পুলিশ সদস্যরা হামলার মুখে পড়লে এ সংঘর্ষ হয়।

তিনি বলেন, রাতে পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্যরা নয়টি গাড়িতে করে আসামি ধরতে যায়।  উপজেলার নেপা ও কাজীরবেড় ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে তারা পাঁচ জনকে গ্রেপ্তার করে।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দারিয়াপুরে পৌঁছালে স্থানীয় মসজিদের মাইকে গ্রামে ডাকাত পড়েছে বলে ঘোষণা দেয়া হয়। তখন গ্রামবাসী জড়ো হয়ে পুলিশকে ঘিরে ফেলে, তারা পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ সদস্যরা হ্যান্ডমাইকে নিজেদের পুলিশ বলে পরিচয় দিলেও তারা হামলা চালিয়ে যায়।

“তখন আত্মরক্ষার্থে গুলি চালায় পুলিশ।”

হামলায় আট পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানান তিনি।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫৫ রাউন্ড শর্টগান ও ৩০ রাউন্ড রাইফেলের গুলিবর্ষণ করে।

নিহতের স্ত্রী শান্তনা বেগম বলেন, ইন্তাজ আলী ক্ষেতে সেচ দিচ্ছিল। এ সময় পুলিশ পাশের কয়েক জনের বাড়িতে অভিযান চালায়। মসজিদের মাইকে লোকজনের চিৎকার ও ডাকাত পড়ার কথা শুনে তিনি হুদার মোড়ে এগিয়ে গেলে পুলিশের গুলিতে মারা যান।

ইন্তাজ আলী কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না বলে জানান তিনি।

তবে ইন্তাজ আলী বিএনপি করতেন বলে দলটির মহেশপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ দাবি করেছেন।

তিনি বলেন, ইন্তাজ আলী নাটিমা ইউনিয়ন যুবদলের ৯ নম্বর ওয়ার্ড কমিটির প্রচার সম্পাদক ছিলেন।

পুলিশ প্রতি রাতে জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের বাড়িতে অভিযান চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।