২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জামায়াত নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশের ওপর হামলা ও ভাংচুরের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক জামায়াত নেতাকে নগরী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2013, 07:23 PM

Updated : 23 Aug 2022, 10:24 AM

বুধবার রাত সাড়ে ৯টার দিকে কোতোতয়ালী থানা এলাকায় লেডিস ক্লাব নামে একটি কমিউনিটি সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার এনামুল হক লোহাগাড়া উপজেলার আমিরাবাদ সদর ইউনিয়নের চেয়ারম্যান।

লোহাগাড়া থানার ওসি মো. শাজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৮ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় ঘোষণার পর লোহাগাড়ায় তিনদিন ধরে জামায়াত-শিবিরের তাণ্ডবে এনামুল সরাসরি অংশগ্রহণ করেছিলেন।

তিনি বলেন, এসব ঘটনায় করা মামলায় এনামুলকে গ্রেপ্তার করা হয়। এনামুল নগরীর লেডিস ক্লাবে একটি অনুষ্ঠানে যোগ দিতে এলে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর লোহাগাড়ায় জামায়াত-শিবিরের তাণ্ডবে এক পুলিশসহ তিনজন নিহত হন।