২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কার শেষে বুধবার রাতে খুলছে দুই সেতু

সংস্কার কাজ শেষ হওয়ায় নির্ধারিত সময়ের আট ঘণ্টা আগে বুধবার রাতেই খুলে দেয়া হচ্ছে মেঘনা ও মেঘনা-গোমতী সেতু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2013, 03:55 PM

Updated : 23 Aug 2022, 10:24 AM

টানা ছয় দিন বন্ধ রাখার পর যান চলাচলের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সেতু দুটি বুধবার রাত ১২টায় খুলে দেয়া হবে বলে যোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা আবুল কালাম আজাদ জানিয়েছেন।

সংস্কার কাজের জন্য গত ১৫ মার্চ (শুক্রবার) সকাল ৮টা থেকে ২১ মার্চ (বৃহস্পতিবার) সকাল ৮টা পর্যন্ত সেতু দুটি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।

আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংস্কার কাজ শেষ হওয়ায় বুধবার রাত ১২টা থেকে সেতু দুটি খুলে দেয়া হচ্ছে।

মেঘনা ও মেঘনা-গোমতী সেতুর সংস্কার কাজের প্রকল্প কর্মকর্তা মেজর আমীর হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে  জানিয়েছিলেন, সেতু দুটির তৃতীয় ও শেষ পর্বের মেরামতকালে এবার ৬৮টি হিঞ্জ বিয়ারিং ও ১০টি এক্সপানশন জয়েন্ট মেরামত করা হয়।

এর আগেও কয়েকদফা এই দুটি সেতুর সংস্কার কাজ হয়।