নাটোরে প্রকৌশলীকে মারপিটের অভিযোগে মামলা
চাহিদামত ঠিকাদারি কাজ না দেয়ায় নাটোরে গণপূর্ত বিভাগের এক প্রকৌশলীকে মারপিট করার অভিযোগ উঠেছে।
মারপিট ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আবিল আয়াম বুধবার সদর থানায় একটি মামলা করেছেন।
মামলায় যুবলীগকর্মী সাগর মন্ডল, গোবিন্দ, টুটুল, সেন্টু ও মিন্টুসহ ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, প্রকৌশলী আবিল আয়াম মঙ্গলবার দুপুরে শহরের ভবানীগঞ্জ এলাকায় মুক্তিযোদ্ধা ভবন নির্মাণের কাজ তদারকি করছিলেন। এ সময় ১৫ থেকে ২০ জন যুবক তাকে ঘিরে ধরে জানায়- সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তাদের পাঠিয়েছে।
সেইসঙ্গে গণপূর্ত বিভাগের সব মেরামত কাজ তাদের দেয়ার দাবি জানায় তারা।
এতে রাজি না হলে তারা প্রকৌশলীকে বেদম মারপিট করে। এক পর্যায়ে তাকে একটি নির্জন ঘরে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘটনাস্থলে উপস্থিত অপর উপ-বিভাগীয় প্রকৌশলী রুহুল আমীন ও শ্রমিকরা বাধা দিলে তাদেরকে হত্যার হুমকি দেয় যুবকরা।
দুর্বৃত্তরা রুহল আমীনের মোবাইল ফোন ও নগদ টাকা কেড়ে নেয় এবং সেখানকার কাজ বন্ধ করে দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।
সদর থানার ওসি আসলাম হোসেন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, “অভিযুক্তদের আমি প্রকৌশলীর কাছে পাঠাইনি। আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য মামলায় আমার নাম ঢোকানো হয়েছে।”
