২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ভিসি পেল দুই বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2013, 11:48 AM

Updated : 23 Aug 2022, 10:25 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন সমাজ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক মুহম্মদ মিজান উদ্দীন। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পেয়েছেন এন্ট্রোমোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রহমান।

শিক্ষা মন্ত্রণালয় বুধবার তাদের নিয়োগের আদেশ জারি করে। এতে বলা হয়, আগামী চার বছরের জন্য তাদের উপচার্যের দায়িত্ব দেয়া হয়েছে।  

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান গত ২৫ ফেব্রুয়ারি অবসরে যান। মুহম্মদ মিজান উদ্দীন তারই স্থলাভিষিক্ত হলেন।

অধ্যাপক মিজান ১৯৭৮ সালে সমাজ বিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি নেয়া এই শিক্ষক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি এবং সমাজবিজ্ঞান বিভাগের ডিনের দায়িত্বেও ছিলেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ দেয়া হয়েছে ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক সরওয়ার জাহান সজলকে।

অন্যদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে থাকা ড. এম এ মান্নান আকন্দ অবসরে যান গত ১০ মার্চ। অধ্যাপক মোহাম্মদ মাহবুবুর রহমান তার স্থলাভিষিক্ত হলেন।