দলিত পরিষদের ১০ দফা
দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর সদস্যরা তাদের ১০ দফা বাস্তবায়নের দাবি জনিয়েছেন।
আর্ন্তজাতিক বর্ণবৈষম্য দিবস উপলক্ষে ঝিনাইদহ প্রেসক্লাবে বুধবার এক সংবাদ সম্মেলনে এ দাবি উত্থাপন করে দলিত পরিষদের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন দলিত পরিষদের ঝিনাইদহ জেলা শাখার উপদেষ্টা রনজিত কুমার দাস, সভাপতি বিদ্যুত কুমার দাস, সাধারণ সম্পাদক সুর্যক্ন্ত দাস প্রমুখ।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- দলিত ও হরিজন সমাজের মানবাধিকার সংরক্ষণে বাংলাদেশ সরকারকে বৈষম্য বিলোপ সংক্রান্ত আইন প্রণয়ন করা এবং সরকারি ও বেসরকারি ক্ষেত্রে অস্পৃশ্যতার চর্চা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা দেয়া, জাতীয় কমিশন গঠন, জাতীয় সংসদসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানে দলিত ও হরিজন জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আসন সংরক্ষণের ব্যাবস্থা, আদমশুমারি বা জাতীয় জরিপে আলাদাভাবে দলিত ও হরিজন জনগোষ্ঠীকে গণনা করা, চাকরি ও শিক্ষাক্ষেত্রে দলিত ও হরিজন জনগোষ্ঠীর কোটা বাস্তবায়ন।
