ময়মনসিংহে ঠিকাদার খুন, জনতার থানা ঘেরাও
ময়মনসিংহে ঠিকাদারের হত্যাকারীকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে বুধবার কোতোয়ালি মডেল থানা ঘেরাও করেছে এলাকাবাসী।
পরে ওই থানার ওসি ফজলূল করিম দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে তারা কর্মসূচি প্রত্যাহার করে নেয়।
মঙ্গলবার রাতে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) ঠিকাদার আলিমুর রেজা হালিম নিহত হন। তিনি সদরের দিঘারকান্দা গ্রামের আব্দুল হামিদের ছেলে।
এ ঘটনায় নিহতের ভাই সেলিম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
ঠিকাদারী কাজ ও জমি সংক্রান্ত বিষয় নিয়ে বেশ কয়েকদিন আগে হালিমের সঙ্গে স্থানীয় একটি সন্ত্রাসী গোষ্ঠীর বিরোধ বেধেছিল। পুলিশের ধারণা পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড হয়েছে।
