২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্বকী হত্যা মামলায় গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় আটক রিফাত নামে এক যুবককে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের আবেদন করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2013, 08:41 AM

Updated : 23 Aug 2022, 10:25 AM

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি এস এম মঞ্জুর কাদের বলেন, “শহরের কালীরবাজার এলাকা থেকে রিফাতকে (২২) আটক করা হয়েছে। বুধবার তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।”

রিফতকে ১০ দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করা হয়েছে বলেও জানান ওসি।

রিফাত কালীরবাজার এলাকার ওসমান গনির ছেলে বলে পুলিশ জানায়।

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট নেতা রফিউর রাব্বির ছেলে ত্বকী গত ৬ মার্চ শায়েস্তা খান সড়কের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। ৮ র্মাচ শহরের চারারগোপের শীতলক্ষ্যা নদী সংলগ্ন খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ত্বকীর বাবা রফিউর রাব্বি এ ঘটনায় যে মামলা দায়ের করেন তার এজাহারে আসামি হিসাবে কারো নাম না থাকলেও গত ১৮ মার্চ পুলিশ সুপারের কাছে একটি লিখিত অভিযোগ দেন। এতে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, যুবলীগ নেতা পারভেজ, জেলা ছাত্রলীগসহ সভাপতি রাজীব দাস, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও সালেহ রহমান সীমান্ত ছাড়াও রিফাতের নাম সন্দেহভাজন হিসাবে উল্লেখ করা হয়। 

পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রিফাতকে আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানে যেসব তথ্য পাওয়া গেছে তার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র ডা. সেলিনা হায়াত আইভী এবং তার ঘনিষ্টজন হিসাবে পরিচিত রফিউর রাব্বি গত ১৫ মার্চ চাষাঢ়া শহীদ মিনারে এক সমাবেশ ত্বকী হত্যাকাণ্ডের জন্য সরাসরি শামীম ওসমানকে দায়ী করেন।

অবশ্য গত মেয়র নির্বাচনের পরাজিত প্রার্থী শামীম ওসমান এ অভিযোগ অস্বীকার করেছেন।

পুরনো খবর:

শামীম ওসমানের নাম পুলিশকে দিলেন রফিউর রাব্বি