নির্বাচনে সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা চায় বিএনপি
গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করে আইন শৃঙ্খলাবাহিনীর সংজ্ঞায় সশস্ত্রবাহিনীকে অন্তর্ভুক্ত করার জন্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে বিএনপি।
নির্বাচন কমিশনের সংলাপে না গেলেও চিঠি দিয়ে আগামী নির্বাচনে সেনা মোতায়েনের বিধান চেয়েছে বিএনপি।
দলটির দাবি, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করে আইন শৃঙ্খলাবাহিনীর সংজ্ঞায় ‘সশস্ত্রবাহিনীর’ নাম অন্তর্ভুক্ত করতে হবে। আর নির্বাচনে সেনাবাহিনীকে ‘বিচারিক ক্ষমতাও’ দিতে হবে।
যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের লেখা এই চিঠি বুধবার নির্বাচন কমিশনে পৌঁছে দেয়।
সালাউদ্দিন পরে সাংবদিকদের বলেন, “আগামী নির্বাচনে সেনা মোতায়েন করতে হবে। এজন্য আরপিও’র আইন শৃঙ্খলাবাহিনীর সংজ্ঞায় সংশোধন আনার প্রস্তাব দেয়া হয়েছে। সোজা কথায়- সেনাবাহিনীকে মেজিস্ট্রেসি পাওয়ার দিয়ে নির্বাচনে মোতায়েন করতে হবে।”
আরপিওতে বেশ কিছু সংশোধনী আনার লক্ষ্যে ইতোমধ্যে খসড়া তৈরি করেছে ইসি। এর আগে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে গত নভেম্বর-ডিসেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসি সংলাপের আয়োজন করলেও প্রধান বিরোধী দলসহ সমমনা কয়েকটি দল তাতে অংশ নেয়নি।
দশম সংসদ নির্বাচনের জন্য গত ৬ ফেব্রুয়ারি আসনের সীমানার খসড়াও প্রকাশ করেছে কমিশন।
এক্ষেত্রে ভৌগলিক অখণ্ডতা, প্রশাসনিক সুবিধা, ভোটার এবং জনসংখ্যার বিভাজনকে গুরুত্ব দেওয়ার দাবি জানান এই বিএনপি নেতা।
ভোটার তালিকা প্রসঙ্গে তার অভিযোগ, সম্প্রতি যে হালনাগাদ ভোটার তালিকা করা হয়েছে তাও দলীয় বিবেচনায় করা।
“এই ভোটার তালিকায় পাঁচ লাখ ভোটারের হিসাব নেই।”
নির্ভুল ও স্বচ্ছভাবে ভোটার তালিকা হালনাগাদ করার জন্য ইসির প্রতি আহ্বান জানান সালাউদ্দিন।
এক প্রশ্নের জবাবে বিএনপির এই যুগ্ন মহাসচিব বলেন, “বর্তমান কমিশনের ব্যাপারে আমাদের আপত্তি আগেও ছিল, এখনও আছে। এই কমিশন সরকারের আজ্ঞাবহ। এ কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”
নির্বাচন কমিশনার আব্দুল মোবারক বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ৩ পৃষ্ঠার একটি চিঠি আমরা পেয়েছি। তারা নির্ধারিত কোনো আসনের ব্যাপারে আমাদের বলেননি। এটি রাজনৈতিকভাবে এসেছে আমরা রাজনৈতিকভাবেই দেখব।”
