২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে সংঘর্ষ: আসামি বিএনপির দেড়শ’ নেতাকর্মী

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা দুই দিনের হরতালের দ্বিতীয় দিনে চাঁদপুরে পুলিশের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2013, 06:52 AM

Updated : 23 Aug 2022, 10:25 AM

মঙ্গলবার রাতে সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খালেকুজ্জামান বিএনপির দেড়শ’ নেতাকর্মীকে আসামি করে এ মামলাটি করেন।

বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত এ মামলায় পুলিশি কাজে বাধা প্রদান, হামলা, জনমনে ভীতি সঞ্চারের অভিযোগ এনে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৪০ জনকে আসামি করা হয়েছে বলে জানান এসআই খালেকুজ্জামান।

মঙ্গলবার হরতাল চলাকালে বিএনপি শহরে একটি মিছিল বের করে। শহরের চিত্রলেখা এলাকা অতিক্রমের সময় মিছিলকারীরা পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক ১০ জনকে আটক করে। 

আটক ১০ জনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান মামলার বাদী এসআই খালেকুজ্জামান।