ঋণের টাকা না পেয়ে দিনমজুরকে ‘হত্যা’
মৌলভীবাজারের কমলগঞ্জে ঋণের টাকার জন্য এক দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
উপজেলার ভুমিগ্রামে মঙ্গলবার রাতে এ হামলায় নিহত ছমেদ মিয়া (৪৫) স্থানীয় প্রয়াত বদরুল ইসলামের ছেলে।
ছমেদ মিয়ার স্বজনদের দাবি, দাদন ব্যবসায়ী বদরুল ইসলাম তাকে পিটিয়ে হত্যা করেছেন। তবে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন ও সদস্যদের দাবি- ছমেদের মৃত্যু হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে।
ছমেদের মা এশা বেগমের অভিযোগ, পাশ্ববর্তী শরিফকান্দি গ্রামের বদরুলের কাছ থেকে কয়েকমাস আগে দেড় হাজার টাকা ধার নেয় ছমেদ।
সোমবার রাতে এ টাকা ফেরত দেয়ার কথা ছিল। রাত সাড়ে ৯টার দিকে বদরুল তাদের বাড়িতে গেলে ছমেদ এক হাজার টাকা শোধ করে। টাকা কম পেয়ে উত্তেজিত হয়ে কাঠের একটি টুকরো দিয়ে ছমেদকে বেদড়ক পিটুনি দেয় বদরুল।
সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কমলগঞ্জ থানার ওসি নীহার রঞ্জন দেবনাথ বলেছেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন ও সদস্যরা পুলিশকে জানিয়েছেন হৃদরোগে আক্রান্ত হয়ে ছমেদের মৃত্যু হয়েছে।
তদন্তের পর প্রকৃত সত্য জানা যাবে, বলেন ওসি।
