রাজধানীর বিভিন্ন স্থানে হরতালবিরোধী মিছিল
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতালের বিরোধিতা করে রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো।
সকালে পুরনো ঢাকার সদরঘাট এলাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় লঞ্চঘাট শ্রমিক ইউনিয়ন ও ছাত্রলীগের নেতাকর্মীরা হরতালবিরোধী মিছিল করে।
বেলা ১২টার দিকে নগরীর বেইলি রোড এলাকায় হরতালবিরোধী মিছিল করে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বেলা সাড়ে ১২টার দিকে হরতালবিরোধী মিছিল হয় মতিঝিল এলাকা। সবুজবাগ থানা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, সোনালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন ও জীবনবীমা করপোরেশনের কর্মচারীরা এসব মিছিল করে।
দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিল বের করে ছাত্রলীগ। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক হয়ে করে টিএসসিতে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে এসে সমাবেশ করে তারা।
সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এইম এম বদিউজ্জামান সোহাগ বলেন, “খালেদা জিয়া মানুষ মারতে ও যুদ্ধাপরাধীদের রক্ষার জন্যই এ হরতাল ডেকেছে।”
হরতাল নামে সারা দেশে নৈরাজ্য তৈরী করে মানুষ মারা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, এরই ধারাবাহিকতায় সকালে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক ইমরান হোসেন ও চুয়াডাঙ্গায় ছাত্রলীগকর্মী টুটলকে হত্যা করা হয়েছে।
হরতালে বিশৃঙ্খলা এড়াতে ভোর থেকেই রাজধানীর প্রতিটি সড়কে বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়।
গাবতলী, মাজার রোড, টেকনিক্যাল, দারুসসালাম, শ্যামলী ও মহাখালী বাস টার্মিনালসহ রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের তল্লাশি চোখে পড়ে।
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে সোমবার ভোর থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এই হরতাল ডাকে ১৮ দলীয় জোট।
