২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াতে ইসলামীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত গাইবান্ধার সুন্দরগঞ্জ ঘুরে দেখলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2013, 10:37 AM

Updated : 23 Aug 2022, 10:24 AM

হেলিকপ্টারে করে মঙ্গলবার সকাল ১১টায় বামনডাঙ্গা আব্দুল হক ডিগ্রি কলেজ মাঠে নামেন তিনি।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের পর এই বামনডাঙ্গায় পুলিশ তদন্ত কেন্দ্র তছনছ করে জামায়াতকর্মীরা। হামলায় নিহত হন চার পুলিশ সদস্য। 

Image
হামলায় তছনছ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ব্রাহ্মণডাঙ্গা পুলিশ ফাঁড়ি, এই ফাঁড়ির চার সদস্য নিহত হন।

হামলায় তছনছ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ব্রাহ্মণডাঙ্গা পুলিশ ফাঁড়ি, এই ফাঁড়ির চার সদস্য নিহত হন।

ওই দিন পুড়িয়ে দেয়া রেল স্টেশনেও যান মহীউদ্দীন আলমগীর।

বামনডাঙ্গায় এক সমাবেশে তিনি বলেন, “জামায়াত-শিবিরের তাণ্ডব এবং পুলিশসহ যে হত্যা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়েছে, তা জাতির জন্য লজ্জাজনক।”

“এসব রাষ্ট্রদ্রোহীদের বিরুদ্ধে প্রচলিত আইনে বিচার হবে,” বলেন তিনি।

সেদিন পুলিশের সঙ্গে সংঘর্ষে তিন জন নিহত হন, যাদের নিজেদের কর্মী দাবি করেছে ইসলামী ছাত্রশিবির।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই সংঘাতের ঘটনায় পুলিশ ও প্রশাসনের কোনো গাফিলতি থাকলে তদন্ত করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

জামায়াত-শিবিরের বিরুদ্ধে স্থানীয়ভাবে প্রতিরোধ গড়ার আহ্বান জানান তিনি।

মন্ত্রী জানান, সংঘাতে ক্ষতিগ্রস্তদের ১ লাখ টাকা ও ১০ মেট্রিক টন চাল ইতোমধ্যে দেওয়া হয়েছে, প্রয়োজনে আরো সহযোগিতা দেয়া হবে।

নিহত পুলিশ কনস্টেবলদের পরিবারের স্বজনদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের আশ্বাসও দেন তিনি।

রেল স্টেশন চত্বরের ওই সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মনজুরুল ইসলাম লিটন।

স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রটিকে থানা করার বিষয়টি বিবেচনার আশ্বাস দেন তিনি।