২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুলাউড়ায় ট্রেন লাইনচ্যুত, গ্রেপ্তার ৫

মৌলভীবাজার, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-  লাইন উপড়ে ফেলায় মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2013, 10:12 AM

Updated : 23 Aug 2022, 10:24 AM

মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারদের মধ্যে তিনজন ইসলামী ছাত্রশিবিরের এবং দুজন বিএনপিকর্মী বলে পুলিশ জানিয়েছে।

এরা হলেন শিবিরের আবুল কাশেম (৩৫), আব্দুস সোবহান (৩০), রেদোয়ান হক (২০) এবং বিএনপির আলমগীর হোসেন (৪৫) ও আব্দুল মতলিব (৪০)।  

কুলাউড়া থানার ওসি সেলিম নেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলা সদরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

বিএনপি নেতৃত্বাধীন জোটের হরতাল চলাকালে মঙ্গলবার ভোর পৌনে ৫ টার দিকে কুলাউড়া ও ছকাপন স্টেশনের মাঝামাঝি এলাকায় বেইস প্লেট খুলে লাইন উপড়ে ফেলায় উপবন এক্সপ্রেসের ইঞ্জিন ও চারটি বগি লাইনচ্যুত হয়।

এ ঘটনার পর থেকে সিলেটের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।