জামায়াতের জুবায়ের ৫ দিনের রিমান্ডে
সিলেট মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়েরকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।
নাশকতায় জড়িত সন্দেহে ৫৪ ধারায় উত্তরা (পশ্চিম) থানার একটি সাধারণ ডায়েরির আওতায় জুবায়েরকে সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ।
তাকে কাঠগড়ায় তোলার পর উপ-পরিদর্শক নজরুল ইসলাম ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে এর বিরোধিতা করে জামিনের আবেদন করেন জুবায়েরের আইনজীবীরা।
ঢাকা মহানগর পুলিশের তথ্য ও প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিচারক শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে পাঁচ দিনের হেফাজত মঞ্জুর করেন।
গত শনিবার রাত ৩টার দিকে উত্তরার হোটেল গার্ডেন রেসিডেন্স থেকে জামায়াত নেতা জুবায়েরকে গ্রেপ্তার করে র্যাব।
রিমান্ড আবেদনে উপ-পরিদর্শক নজরুল জানান, জুবায়েরের বিরুদ্ধে সিলেট নগরীর কোতয়ালি ও বিমান বন্দর থানার ১৬টি মামলা রয়েছে।
ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জুবায়েরকে গ্রেপ্তারের পর রোববার দুপুরে সংবাদ সম্মেলন করে র্যাবের পক্ষ থেকে জানানো হয়, সিলেট শহীদ মিনারে হামলা, পুলিশকে মারধর, বিস্ফোরণ ও অগ্নিসংযোগসহ বিভিন্ন নাশকতায় নেতৃত্ব দেয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
জুবায়ের ঢাকায় এসে কেন্দ্রীয় জামায়াত নেতাদের নির্দেশনা নিয়ে সিলেটে নাশকতা তৈরির পরিকল্পনা করছিলেন বলেও র্যাব-১ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল কিসমত হায়াৎ সংবাদ সম্মেলনে জানান।
