নারায়ণগঞ্জ মহিলা দলের সভানেত্রীসহ আটক ১২
নারায়ণগঞ্জে হরতালের সমর্থনে মিছিল ও টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান জানান, সকাল সাড়ে ৭টার দিকে শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে পিকেটিং ও মিছিল করার সময় জেলা মহিলা দলের সভানেত্রী নুরুন্নাহার ও মহিলা দল নেত্রী রাশিদা জামালসহ তিন জনকে আটক করা হয়।
দুই দিনের এই হরতালের প্রথম দিন সকালে জেলা বিএনপির শীর্ষ নেতাদের মাঠে দেখা না গেলেও যুবদলের নেতাকর্মীরা সকাল থেকেই রাজপথে ছিলেন।
জেলা যুবদলের নেতাকর্মীরা সকাল সাড়ে ৬টায় শহরের সিরাজউদ্দৌলা সড়কে হরতালের সমর্থনে মিছিল বের করে। মিছিলটি শহরের বঙ্গবন্ধু সড়কে যাওয়ার সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
প্রায় একই সময় মহানগর যুবদলের আহ্বায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে শহরের হাজীগঞ্জ এম সার্কাস এলাকায় হরতাল সমর্থনে মিছিল বের হয়। তারা নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কের কয়েকটি স্থানে টায়ারে আগুন ও সড়কে ইটপাটকেল ফেলে যান চলাচলে বাধা দেয়। পরে পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা হরতাল সমর্থনে মিছিল বের করে। তারা সড়কে টায়ারে আগুন দিয়ে দুটি গাড়ি ভাংচুর করে।
পরে পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় বলে অতিরিক্ত পুলিশ সুপার জানান।
