সিরাজগঞ্জে ৩ উপজেলায় ১৪৪ ধারা
বিরোধী দলের হরতালকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় সিরাজগঞ্জের তিন উপজেলার ১৫টি স্থানে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
সোমবার ভোর ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে বলে রোববার রাতে জেলা তথ্য অফিস মাইকিং করে প্রচার করে।
জেলা ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সদর উপজেলার সয়দাবাদ ১৫০ মেঘাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, বাহিরগোলা বিদ্যুৎ কেন্দ্র, শিয়ালকোল বিদ্যুৎ কেন্দ্রের আশপাশের এলাকা, নাজমুল চত্বর, ইলিয়ট ব্রীজ, টুকু ব্রীজ, স্বাধীনতা স্কয়ার, মুক্তির সোপান, চামড়াপট্টি, চন্ডিদাসগাতি বাজার ও মহাসড়কের কড্ডা মোড়ে ও উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল রোড গোল চত্বরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
এদিকে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার শরিফ হাসান উপজেলার ৩টি স্থানে (তাড়াশ সদর, হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের মহিষলুটি ও নওগাঁ বাজারে)১৪৪ ধারা জারির কথা নিশ্চিত করেন।
ওই স্থানগুলোতে সভা-সমাবেশ, মিছিল, মাইকিং ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। সন্ধ্যার পর থেকে শহরে বিজিবি, র্যাব ও পুলিশকে টহল দিতে দেখা গেছে।
রাত ১০টার দিকে সিরাজগঞ্জ পুলিশ সুপার হুমায়ন কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হরতাল পরিস্থিতি মোকাবেলায় দুই প্লাটুন বিজিবিসহ, র্যাব ও পুলিশের প্রায় ৫ শতাধিক সদস্য প্রস্তত রয়েছে।
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট সোম ও মঙ্গলবার সারাদেশে হরতাল ডেকেছে।
