অপহৃত স্কুলশিক্ষিকা উদ্ধার হয়নি চার দিনেও
অপহরণের চারদিন পরও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকাকে উদ্ধার করা যায়নি।
বৃহস্পতিবার সরইবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষিকাকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরদিন ওই শিক্ষিকার বাবা কমলগঞ্জ থানায় মামলা করেছেন।
রোববার কমলগঞ্জ থানার ওসি নীহাররঞ্জন নাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই শিক্ষিকার মোবাইল ফোন বন্ধ রয়েছে। তার অবস্থান নিশ্চিত হওয়া যাচ্ছে না। আসামিরা গা ঢাকা দিয়েছে।
তবে আসামিদের ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান ওসি।
মামলার নথি থেকে জানা যায়, বৃহস্পতিবার বিকাল পৌনে তিনটায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে সরইবাড়ি গ্রামের রাস্তায় প্রতিবেশী দুরুদ বখতের ছেলে সালমান বখত মামুনের নেতৃত্বে ৪/৫ জন দুর্বৃত্ত ওই শিক্ষাকে জোর করে একটি প্রাইভেটকারে তুলে নিয়ে যায়।
মামলায় সালমান বখত মামুনকে প্রধান ও অজ্ঞাত পরিচয় দুইজনকে আসামি করা হয়েছে।
শিক্ষিকার বাবা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিভিন্ন জায়গা থেকে তার (মেয়ের) বিয়ের প্রস্তাব আসছিল। বিয়ের বিষয়ে তাদের পরিবারে আলাপ আলোচনা চলছিল। এর মধ্যে ঘটনাটি ঘটল।
