২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘যুদ্ধাপরাধীদের রক্ষা নাই’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বাঁচাতে চাইছে তাদের সেই চেষ্টা সফল হবে না।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2013, 06:33 AM

Updated : 23 Aug 2022, 10:23 AM

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বাঁচাতে চাইছে তাদের সেই চেষ্টা সফল হবে না।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে রোববার টুঙ্গিপাড়ায় শিশু কিশোর সমাবেশে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, “যুদ্ধাপরাধীদের বিচার চলছে। মামলার রায়ও দেয়া শুরু হয়েছে। অনেকে তাদের রক্ষা করতে চাইছে। কিন্তু বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার ও রায় ইনশাল্লাহ কার্যাকর হবে।

“একাত্তরে তারা শিশুদের হত্যা করেছে। মা বোনদের পাকিস্তানি হানাদারদের হাতে তুলে দিয়েছে। খুন গণহত্যা অগ্নিসংযোগের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ করেছে। এদের রক্ষা নাই।” 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধাপরাধীদের বিচার শুরু করলেও ১৯৭৫ এর ১৫ অগাস্ট বঙ্গবন্ধু ও পরে জাতীয় চার নেতাকে হত্যার মধ্য দিয়ে সেই বিচার বন্ধ করা হয় বলে উল্লেখ করেন শেখ হাসিনা।

তিনি বলেন, “যুদ্ধাপরাধীদের পুনর্বাসিত করে মন্ত্রী এমপি বানিয়ে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে চাকরি দিয়ে পুরস্কৃত করা হয়। আমরা ক্ষমতায় আসার পর যুদ্ধারপাধীরে বিচার শুরু করেছি। এ বিচার সম্পন্ন হবে।”  

শিশুদের বঙ্গবন্ধুর আদর্শে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, “তাদের দেশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে আগ্রহী করে তুলতে হবে। তাদের আদর স্নেহ দিয়ে বড় করুন। বড় হয়ে যেন তারা সত্যিকারের দেশপ্রেমিক ও সুনাগরিক হয়ে মানুষের কল্যাণে কাজ করতে পারে।”

পাশাপাশি প্রতিবন্ধী ও দরিদ্র সহপাঠীদের সহযোগিতা করার জন্য শিশুদের প্রতিও আহ্বান জানান তিনি।

শেখ হাসিনা বলেন, “বঙ্গবন্ধু ছোট বেলায় সহপাঠীদের সাথে টিফিন ভাগাভাগি করে খেতেন। গরিব দুঃখি দেখলে নিজের গায়ের কাপড় দিয়ে দিতেন। দুর্ভিক্ষ দেখা দিলে গোলার ধান গরিবদের দিতেন।

এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর জম্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন তিনি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

শিশুদের উদ্দেশে তিনি বলেন, “তোমরা আমাদের দেশের ভবিষ্যৎ। তোমরাই ক্ষুধা, দারিদ্র মুক্ত; বঙ্গবন্ধুর আদর্শের উন্নত সমৃদ্ধ সোনারবাংলা গড়ে তুলবে। বিশ্বের দরবারে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করবে।”

পরে বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্সে জাতীয় গ্রস্থ কেন্দ্র আয়োজিত দিনব্যাপী বইমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল ১০টার দিকে হেলিকপ্টারে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী।

সাড়ে ১০টায় তিনি বঙ্গবন্ধুর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তিন বাহিনীর একটি সুসজ্জিত দল এ সময় সশস্ত্র সালাম জানায়।

এরপর ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। এ সময় শেখ হাসিনার পাশে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা।

মন্ত্রী পরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধান, পরিবারের সদস্য ও আওয়ামী লীগ নেতাকর্মীরা এ সময় সেখানে উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে রোববার সরকারের পাশাপাশি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোও নানা কর্মসূচি পালন করছে। দিনটি পালিত হচ্ছে জাতীয় শিশু দিবস হিসাবে।

১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেন শেখ মুজিবুর রহমান। কালক্রমে কার্যত তার হাত ধরেই বিশ্ব মানচিত্রে নতুন দেশ হিসেবে স্থান করে নেয় বাংলাদেশ।