২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগ নেতার বিরুদ্ধে বিএনপি সমর্থকদের বাড়ি ভাঙচুরের অভিযোগ

বাগেরহাটে মোরেলগঞ্জে এক ছাত্রলীগ নেতাকে মারধরের জের ধরে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিএনপি সমর্থকদের বাড়ি-ঘর ভাঙচুর করার অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2013, 01:36 PM

Updated : 23 Aug 2022, 10:23 AM

বৃহস্পতিবার বিকেলে মোরেলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের পাঠামারা গ্রামে এ ঘটনা ঘটে।

মোরেলগঞ্জ থানার ওসি মো. আসলাম উদ্দিন বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার দুপুরে হোগলাবুনিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাকিবকে আবু বকর নামে এক সাবেক ইউপি সদস্যের বাড়ির সামনে বিএনপি ও ছাত্রদল সমর্থকরা মারধর করে। এর জের ধরে শুক্রবার বিকেলে আওয়ামী লীগ ও ছাত্রলীগ সমর্থকরা সংঘবদ্ধ হয়ে বিএনপির সমর্থকদের বাড়িঘর ভাংচুর করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম শাহীন, তার চাচা হাওলাদার আলতাফ হোসেন, ৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবু বকর, ওই গ্রামের বিএনপি কর্মী ইউনুস, ইসমাঈল ও কালাম ফরাজীর বাড়িতে হোগলাবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোখলেছুর রহমানের নেতৃত্বে ভাঙচুর চালানো হয়।

ক্ষতিগ্রস্ত নজরুল ইসলাম শাহীন বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে মোখলেছুর রহমানের নেতৃত্বে ৪০-৫০ জনের একটি সশস্ত্র দল তার বাড়িতে হামলা চালিয়ে ঘরের আসবাব ভাঙচুর করে।

হামলাকারীরা তার বসত ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে আলমারি থেকে নগদ পনেরো হাজার টাকা, দুটি সোনার রুলি ও একটি সোনার চেইন লুট করে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরো জানান, একই উঠানে তার চাচা আলতাফ হোসেনের বাড়িতে ঢুকে আসবাব ও আলমারি ভেঙ্গে তারা নগদ এক লাখ নব্বই হাজার টাকা নিয়ে যায়।

এর পরে তারা আবু বকরের বাড়িতে হামলা করে নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার নিয়ে যায় এবং টেলিভিশনসহ বিভিন্ন আসবাব ভাঙচুর করে।

ছাত্রলীগ নেতা সাকিবের উপর হামলার ঘটনায় ছাত্রদল ও বিএনপি সমর্থকরা জড়িত কিনা জানতে চাইলে এ ঘটনার সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতা অস্বীকার করেন এই ছাত্রদল নেতা।

এদিকে হোগলাবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোখলেছুর রহমানের সঙ্গে ভাঙচুরের অভিযোগের বিষয়ে ফোন করা হলেও তিনি ‘কল রিসিভ’ করেননি।

তবে ঘটনায় প্রতিবেদন তৈরি করা পর্যন্ত কোনো মামলা হয়নি এবং কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানান ওসি আসলাম।