২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেতা-নেত্রীদের কাছে দায়িত্বশীল বক্তব্য চাই: ইমরান

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বক্তব্যে আবারো হতাশা প্রকাশ করেছে গণজাগরণ মঞ্চ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2013, 06:02 PM

Updated : 23 Aug 2022, 10:22 AM

বিএনপি চেয়ারপারসনের বক্তব্যের একদিন পর মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বৃহস্পতিবার বলেন, “লক্ষ কোটি তরুণ প্রজন্মের এই গণজাগরণ মঞ্চকে তারা যে ভাষায় প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস চালাচ্ছেন, তা সারা বাংলার মানুষ দেখেছেন ও শুনেছেন।

“আমরা তাদের কাছ থেকে দায়িত্বশীল ও সুচিন্তিত বক্তব্য আশা করব।”

শাহবাগ আন্দোলনের সমালোচনা করে খালেদা জিয়া বুধবার বলেছিলেন, “সরকার একদিকে শান্তিপূর্ণ মিছিলে গুলি করছে, অন্যদিকে ‘বিধর্মী-নাস্তিকদের’ পাহারা দিয়ে নাস্তা-হালুয়া দিয়ে লালন-পালন করছে।

“এইসব মঞ্চ-ফঞ্চ বন্ধ না হলে জনগণের মঞ্চ তৈরি হবে।”

ইমরান প্রজন্ম চত্বরে সাংবাদিকদের আরো বলেন, “যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি এবং দেশবিরোধী সংগঠন জামায়াত ও তাদের সন্ত্রাসী বাহিনী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার দাবিতে গড়ে ওঠা তারুণ্যের এই গণআন্দোলনকে যারা নাস্তিক বলেন, তাদের ধর্মীয় বিশ্বাস ও জ্ঞান সম্পর্কে আমরা সন্দিহান।”

গণজাগরণ মঞ্চের কর্মসূচিতে সক্রিয়ভাবে কোটি মানুষের অংশগ্রহণের দিকটি তুলে ধরে তিনি বলেন, তাহলে কোটি কোটি মানুষও কি নাস্তিক?

“সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়া কাউকে নাস্তিক বলা এক ধরনের মিথ্যাচার। এই মিথ্যাচার কি পবিত্র ধর্ম ইসলাম বা অন্য কোনো ধর্ম সমর্থন করে,” প্রশ্ন রাখেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র।

তিনি জানান, মুক্তিযুদ্ধের চেতনায় গণজাগরণ মঞ্চ সুনির্দিষ্ট দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। 

২২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া গণস্বাক্ষর কর্মসূচি ২২ মার্চের মধ্যে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও জেলা-উপজেলা থেকে স্বাক্ষর সংগ্রহ করতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।