২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জামায়াত দেশে থাকার অধিকার হারিয়েছে’

শহীদ মিনারে হামলা, ভাংচুর ও জাতীয় পতাকা পুড়িয়ে জামায়াত-শিবির দেশে থাকার অধিকার হারিয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2013, 01:05 PM

Updated : 23 Aug 2022, 10:23 AM

বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শনে গিয়ে তিনি বলেন, জামায়াত-শিবির ন্যাক্কারজনক এই কর্মকাণ্ডের মাধ্যমে এ দেশে থাকার অধিকার হারিয়েছে।

গত ২২ ফেব্রুয়ারি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে হামলা চালিয়ে ভাঙচুর করে জামায়াত শিবিরের কর্মীরা। তারা শহীদ বেদিতে দেয়া ফুলেও আগুন ধরিয়ে দেয়।

পরে মন্ত্রী জামায়াত-শিবিরের হামলায় নিহত ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য ও মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জগৎজ্যোতি তালুকদারের বাসায় যান।

জগৎজ্যোতির বাসায় গিয়ে অর্থমন্ত্রী বলেন, জামায়াত-শিবির সারাদেশে মসজিদ-মন্দির, শহীদ মিনারে হামলা ও জাতীয় পতাকা পুড়িয়ে প্রমাণ করেছে তারা রাজনৈতিক সংগঠন নয়; জঙ্গি সংগঠন। আর বিএনপি জামায়াতের পক্ষাবলম্বন করে আবারো প্রমাণ করেছে তারা জঙ্গিবাদের পৃষ্ঠপোষক।

এ সময় অর্থমন্ত্রীর সঙ্গে ছিলেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এমপি, আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য আ ন ম শফিকুল হক প্রমুখ।