রমনায় বোমাহামলার মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য
রমনা বটমূলে বর্ষবরণের অনুষ্ঠানে বোমাহামলার মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন প্রধান তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক আবু হেনা ইউসুফ।
বৃহস্পতিবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মাদ আনিসুর রহমানের আদালতে তিনি সাক্ষ্য দেন।
আবু হেনা ইউসুফ বলেন, ২০০১ সালের ১৪ এপ্রিল ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় হরকাতুল জিদাদ (হুজি) নেতা মুফতি আব্দুল হান্নান ও আরিফ হাসান সুমন জড়িত ছিলেন। তারা আদালতে স্বীকারোক্তিও দেন।
মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৪ মার্চ দিন ঠিক করেছে আদালত।
এই মামলায় এখন পর্যন্ত ৫৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। মোট সাক্ষী ৮০ জন।
২০০৮ সালের ২৯ নভেম্বর মুফতি হান্নানসহ ১৪ জনকে আসামি করে মামলার অভিযোগপত্র দেয় সিআইডি। ২০০৯ সালের ১৬ এপ্রিল আদালতে অভিযোগ গঠন হয়।
১৪ আসামির মধ্যে মুফতি হান্নান, আরিফ হাসান সুমন, শাহাদত উল্লাহ ওরফে জুয়েল, হাফেজ আবু তাহের, আব্দুর রউফ, সাব্বির ওরফে আব্দুল হান্নান সাব্বির, শওকত ওসমান ওরফে শেখ ফরিদ, হাফেজ ইয়াহিয়া কারাগারে আছেন।
আসামি আকবর হোসাইন ওরফে হেলালউদ্দিন জামিনে আছেন।
আসামিদের মধ্যে মো. তাজউদ্দিন, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, আবু বকর ওরফে হাফেজ সেলিম হাওলাদার, মুফতি শফিকুর রহমান ও মুফতি আব্দুল হাই পলাতক রয়েছেন।
ছায়ানটের বর্ষবরণের ওই অনুষ্ঠানে বোমাহামলায় ১০ জন নিহত ও বহু আহত হন।
