নোয়াখালীতে ডাকাতির সময় গুলিতে ডাকাত নিহত
নোয়াখালীর কবিরহাটে উপজেলায় ডাকাতির সময় দলের সদস্যদের গুলিতে এক ডাকাত (৩৫) নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এলাকাবাসীর বরাত দিয়ে কবিরহাট থানার ওসি মাহবুবুল আলম সাংবাদিকদের জানান, ভোর সাড়ে তিনটার দিকে দরাপনগর গ্রামের জুয়েলারি ব্যবসায়ী সুমনের বাড়িতে একদল ডাকাত হানা দেয়।
“শাবল দিয়ে দরজা ভেঙ্গে ঘরে ঢোকার সময় বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে যায়। এক পর্যায়ে ডাকাতরা ব্যবসায়ী সুমনকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে ডাকাতদের একজনের শরীরে গিয়ে লাগে।”
পরে গুলিবিদ্ধ ডাকাতকে ফেলে রেখে দলের অন্য সদস্যরা পালিয়ে যায় বলে জানান ওসি।
তিনি জানান, ঘটনাস্থল থেকে একটি এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতল মর্গে পাঠানো হয়েছে।
