চলচ্চিত্রে তুলে ধরুন সামাজিক সমস্যা: প্রধানমন্ত্রী
চলচ্চিত্রে দেশের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং মহান মুক্তিযুদ্ধের পাশাপাশি সামাজিক সমস্যাগুলো তুলে ধরার জন্য চলচ্চিত্র নির্মাতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
শেখ হাসিনা বলেন, দর্শকরা যাতে ছবিটি দেখার পর কিছু শিক্ষা নিয়ে বাসায় ফিরতে পারে, কিছু বাণী পায়, যা তারা ঘরে ও সমাজে প্রয়োগ করতে পারে তা নিশ্চিত করবে।
চলচ্চিত্র নির্মাতাদের সৃজনশীল ও জনপ্রিয় ব্যক্তি হিসেবে আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, সমাজ ও জনগণের প্রতি আপনাদের কর্তব্য অন্যদের তুলনায় অনেক বেশি- কারণ জনগণ যেহেতু আপনাদের অনুসরণ করে।
প্রধানমন্ত্রী পরে ২৫ জন শিল্পী, কলাকুশলী এবং ২৫ ক্যাটাগরিতে চলচ্চিত্র ও প্রকাশনা বিভাগে জাতীয় চলচ্চিত্র পদক হস্তান্তর করেন।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১১ প্রাপ্তরা হলেন: আজীবন সম্মাননা- আবদুর রাজ্জাক, সেরা অভিনেতা ফেরদৌস আহমেদ (কুসুম কুসুম প্রেম), সেরা অভিনেত্রী জয়া আহসান (গেরিলা), সেরা সহ-অভিনেতা এম এ আলমগীর, সেরা সহ-অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা (কে আপন কে পর), সেরা প্রামান্য চলচ্চিত্র আলবদর, সেরা সঙ্গীত পরিচালক হাবিব ওয়াহিদ (প্রজাপতি), সেরা খলচরিত্র শতাব্দী ওয়াদুদ (গেরিলা) ও মিশা সওদাগর (বস নাম্বর ওয়ান), সেরা শিশু চরিত্র শামন্তি (খণ্ড গল্প-১৯৭১)।
সেরা গল্প লেখক ড. মুহাম্মদ জাফর ইকবাল (আমার বন্ধু রাশেদ), সেরা নাট্যকার নাসির উদ্দিন ইউসুফ ও ইবাদুর রহমান (গেরিলা), সেরা সংলাপ লেখক নাসির উদ্দিন ইউসুফ (গেরিলা), সেরা সঙ্গীত শিল্পী (পুরুষ) কুমার বিশ্বজিৎ (মা আমার চোখের মনি), সেরা সঙ্গীত শিল্পী (মহিলা) নাজমুল মুনিরা ন্যান্সি (প্রজাপতি), সেরা লিরিক শফিক তুহিন (প্রজাপতি), সেরা মিউজিক কম্পোজার ইমন সাহা (কুসুম কুসুম প্রেম), সেরা ক্যামেরাম্যান এল অপু রোজারিও (আমার বন্ধু রাশেদ), সেরা রেকর্ডিং রতন পাল (আমার বন্ধু রাশেদ), সেরা সম্পাদক সামির আহমেদ (গেরিলা), সেরা শিল্প পরিচালক অনিমেশ আইচ (গেরিলা), সেরা মেকাপ ম্যান মোহাম্মদ আলী বাবুল (গেরিলা), সেরা কস্টিউম ডিজাইনার শিমুল ইউসুফ (গেরিলা)।
প্রধানমন্ত্রী জানান, চলচ্চিত্র উন্নয়ন করপোরেশ (এফডিসি) আধুনিকায়নের জন্য ৬০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সভাপতিত্বে পুরস্কার প্রদান অনুষ্ঠানে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমত উল্লাহ ও তথ্য সচিব হেদায়েতুল্লাহ আল-মামুন বক্তব্য রাখেন।
