চাঁদপুরে বোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, আসামি ২৫
বিএনপির নেতৃত্বে ১৮ দলীয় জোটের হরতালে চাঁদপুরে হাতবোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় একটি মামলা করেছে পুলিশ।
সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খালেকুজ্জামান বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মঙ্গলবার রাতে করা এ মামলায় অজ্ঞাত পরিচয় ২৫ জনকে আসামি করা হয়েছে।
থানার এসআই মো. মনির হোসেন বলেন, মামলায় রাষ্ট্রীয় কাজে বাধা, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট ও জনমনে আতংক সৃষ্টির অভিযোগ আনা হয়।
তবে এই ঘটনায় কাউকে আটক করা হয়নি বলেও এই পুলিশ কর্মকর্তা জানান।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে হরতাল চলাকালে শহরের লেকের পাড় এলাকায় একটি পিকআপভ্যানে পিকেটাররা হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এছাড়া শহরের স্টেডিয়াম রোড এলাকায় সিএনজিচালিত একটি অটোরিকশায় অগ্নিসংযোগ করে।
