রাবিতে শিবির-পুলিশ সংঘর্ষ
রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকায় ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
মতিহার থানার ওসি আবদুস সোবহান জানান, বুধবার সকাল সোয়া ৮টার দিকে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয় ফটক সংলগ্ন বিনোদপুর এলাকায় মিছিল বের করে। তখন পুলিশ বাধা দিলে তারা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। এর এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক মহসীন আলম বলেন, তাদের সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক শরীফুজ্জামান নোমানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিছিল বের করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
২০০৯ সালের ১৩ মার্চ ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে নিহত হন নোমানী।
সংঘর্ষে আহত সাত নেতাকর্মীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে তিনি জানান।
