২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহরণের হুমকি, স্কুল ছাত্রীর আত্মহত্যা

জয়পুরহাটে বখাটের উত্ত্যক্তের জের ধরে অষ্টম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে।    

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2013, 01:00 PM

Updated : 23 Aug 2022, 10:22 AM

সোমবার বিষপান করলে তৃষ্ণা রানী মণ্ডল দৃষ্টিকে (১৩) হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

তৃষ্ণা জয়পুরহাট সদরের দেওনাহাড় গ্রামের স্বপন কুমার মণ্ডলের মেয়ে। সে জয়পুরহাটের সন্ন্যাসতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল।

স্বপন কুমার মণ্ডল ও গ্রামবাসী জানান, দেওনাহাড় গ্রামের পাশেই ধামুইরহাট উপজেলার চন্দ্রকোলা গ্রামের আকাশ চন্দ্রের ‘বখাটে’ ছেলে সজল চন্দ্র ও তার কয়েকজন সহযোগী ৪/৫ মাস ধরে স্কুলে যাতায়াতের পথে দৃষ্টিকে উত্ত্যক্ত করে আসছিল।

সোমবার বিকালে তারা দৃষ্টির বাবা-মাকে হত্যার হুমকি দেয় এবং তাকে অপহরণ করা হবে বলে শাসায়।

এ ঘটনার পরপরই লজ্জা ও ক্ষোভে দৃষ্টি কীটনাশক পান করে বলে জানান স্বপন কুমার।

জয়পুরহাট সদর থানার ওসি আব্দুর রশিদ বলেন, এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে। সজল ও তার সহযোগীদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।