২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হস্তান্তর করা জমি ফিরে পাচ্ছে সিটি কর্পোরেশন

রায়ের বাজার কবরস্থান উন্নয়ন প্রকল্পের ভেতরে র‌্যাবের অধিগ্রহণ করা জমি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2013, 10:32 AM

Updated : 25 Apr 2022, 06:28 PM

মঙ্গলবার সচিবালয়ে স্বারষ্ট্র মন্ত্রণালয়ে সম্মেলন কক্ষে রায়ের বাজার জাতীয় শহীদ স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থান উন্নয়ন প্রকল্প নিয়ে এক বৈঠক শেষে মন্ত্রী এ কথা জানান।

প্রকল্পে অন্তর্ভুক্ত ৯৬ দশমিক ২৩ একর জমির মধ্যে র‌্যাব-২ এর অধিগ্রহণ করা ৬ দশমিক ১৩ একর জমি উত্তর সিটি কর্পোরেশনকে হস্তান্তর করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, “এর পরিবর্তে  প্রকল্পের দক্ষিণে রাস্তার পাশে সমপরিমান জমি এওয়াজ বদল (এক স্থানের ভূমির বদলে অন্য স্থানে ভূমি দেয়া) করা হবে।”

এ বিষয়ে স্থানীয় সরকারের সঙ্গে একটি সমঝোতা স্বারকও করা হবে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি ও নির্দেশনায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন(বিলুপ্ত ডিসিসি) প্রকল্প এলাকায় ৯৬ দশমিক ২৩ একর ভূমিতে ৮০ হাজার ৫০০টি কবরসহ অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে একটি কবরস্থান উন্নয়নের জন্য প্রকল্পটি গত বছর ২২ মার্চ একনেকে অনুমোদন পায়।  

সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সি কিউ কে মুসতাক আহমদ, স্থানীয় সরকার সচিব আবু আলম মো. শহিদ খানসহে রারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।