দূরের গন্তব্যে বাস বন্ধ, ট্রেন-লঞ্চ স্বাভাবিক
হরতালে রাজধানীর সড়কে অল্প কিছু যান নামলেও টার্মিনাল ছেড়ে বের হয়নি দূরপাল্লার বাস।
ট্রেন ও লঞ্চ চলাচল যথারীতি স্বাভাবিক রয়েছে।
অন্যান্য হরতালের দিনের মতো মঙ্গলবারও সকাল থেকে রাস্তায় রিকশা ও অটোরিকশা চলাচল করছে। সংখ্যায় কম হলেও গণ পরিবহনও চলছে বিভিন্ন রুটে।
গাবতলি, মিরপুর-১, মিরপুর-১২ ও মিরপুর-১৪ নম্বর সেক্টর থেকে সকাল থেকে সিটি পরিবহনের কিছু গাড়ি রাজধানীর বিভিন্ন রুটে চলাচল করছে। বিআরটিসির বাসও চলতে দেখা গেছে।
মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে গাবতলি বাস টার্মিনালে গিয়ে দেখা যায় বেশিরভাগ কাউন্টারই বন্ধ। মহাখালী বাস টার্মিনালেও একই অবস্থা দেখা গেছে।
এদিকে সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যাচ্ছে না।
ঢাকা-চাঁদপুর রুটের সুরমা বাস সার্ভিসের চালক মোহাম্মদ শাজাহান বিডিনিউজকে বলেন, “এর আগে অনেক হরতালেই চাঁদপুর থেকে ঢাকা আসছি। কিন্তু পথে গাছের গুড়ি ফেলানো থেকে শুরু করে পিকেটারদের ঢিল, ভাংচুরসহ নানা রিস্ক পার করে আসতে হয়। এই অভিজ্ঞতা থেকেই কেউ বাস ছাড়ার সাহস পাচ্ছে না।”
সন্ধ্যার পর থেকে গাবতলি ও মহাখালী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার গাড়ি চলাচল শুরু করবে বলে বিভিন্ন পরিবহনের স্টেশন মাস্টাররা জানিয়েছেন।
গাবতলিতে সৌখিন পরিবহনের কর্মী আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হরতাল শেষ হলে সন্ধ্যায় গাড়ি ছাড়া হবে।
কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল থেকে সময়মতো সবগুলো ট্রেন নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। তবে যাত্রীসংখ্যা ছিল কম।
লঞ্চ চলাচল স্বাভাবিক আছে জানিয়ে বাংলাদেশ আভ্যন্তরীন নৌ চলাচল কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে সাড়ে ১০টা পর্যন্ত সদরঘাট থেকে ৯টি লঞ্চ ছেড়ে গেছে, ফিরেছে ৪৪টি। তবে হরতালের কারণে যাত্রীসংখ্যা কিছুটা কম।
হরতালে বিশৃঙ্খলা এড়াতে ভোর থেকেই রাজধানীর প্রতিটি সড়কে অবস্থান নিয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব সদস্য। হরতাল সমর্থনকারীদের রাজপথে দেখা যায়নি।
পথে পুলিশের তল্লাশি
মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনগুলোতে তল্লাশি করছে পুলিশ।
গাবতলি, মাজার রোড, টেকনিক্যাল, দারুসসালাম, শ্যামলী, মহাখালী বাস টার্মিনালসহ রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশি তল্লাশি চোখে পড়েছে।
অটোরিকশা, মোটরসাইকেল, মিনিবাসসহ ছোট যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে। এছাড়া রিকশায় ব্যাগ নিয়ে যাতায়াতকারী যাত্রীদেরও ব্যাগেও তল্লাশি চালাচ্ছে পুলিশ।
