২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কড়া নিরাপত্তায় মাঠে নেই হরতালকারীরা

বিএনপি কার্যালয়ে তল্লাশি চালিয়ে শীর্ষ নেতাদের গ্রেপ্তার ও হাতবোমা উদ্ধারের পরদিন ১৮ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে কড়া নিরাপত্তার মধ্যে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2013, 02:51 AM

Updated : 13 Oct 2022, 02:49 PM

পুরনো খবর:

মঙ্গলবার ১৮ দলের হরতাল

মঙ্গলবার সকালে হরতালের প্রথম ভাগে রাজধানীর যাত্রাবাড়ীতে হাতবোমা বিস্ফোরণ এবং মিরপুর, সেগুনবাগিচা ও গাবতলীতে সড়কে বিক্ষিপ্ত গাড়ি ভাংচুর ও আগুন দেয়ার চেষ্টা ছাড়া হরতালকারীদের তেমন কোনো তৎপরতা চোখে পড়েনি।  

অন্যান্য হরতালের দিনের মতো মঙ্গলবারও সকাল থেকে রাস্তায় রিকশা ও অটোরিকশা চলাচল করছে। সংখ্যায় কম হলেও গণ পরিবহনও চলছে বিভিন্ন রুটে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে যানবাহনের সংখ্যা।

সকালের প্রথমভাগে গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দূর পাল্লার কোনো বাস ছাড়েনি। তবে কমলাপুর স্টেশন থেকে যথারীতি ট্রেন ছেড়ে গেছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

হরতালে সকাল থেকেই বিপুল পরিমাণ পুলিশ ও র্যাব মোতায়েন রয়েছে রাজধানীর সড়কগুলোতে। বিভিন্ন অলিগলিতেও পুলিশের টহল দেখা গেছে। রাতে রাজধানীতে টহলে ছিলেন বিজিবি সদস্যরাও। 

সকাল পৌনে ৭টার দিকে আসাদ গেইট এলাকায় দুটি ককটেল ফাটায় পিকেটাররা। তবে এতে কেউ হতাহত হননি বলে শেরে বাংলা থানার ওসি আব্দুল মোমিন জানান।

সাড়ে ৭টার দিকে মিরপুর বাংলা কলেজের সামনে জামায়াত শিবিরের একটি ঝটিকা মিছিল থেকেও কয়েকটি হাতবোমা ফাটানো হয়।

একই সময়ে মিরপুরের দুয়ারি পাড়া এলাকায় একটি কভার্ড ভ্যানে আগুন দেয়ার চেষ্টা করে পিকেটাররা। মিরপুর-১ এলাকায় একটি গাড়ি ভাংচুর করা হয়।

ভোরে মাতুয়াইলে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল বের হলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয় বলে যাত্রাবাড়ী থানার এ এস আই এমরানুল ইসলাম জানান।

কাছাকাছি সময়ে দনিয়া এলাকায় চারটি ককটেল বিস্ফোরিত হয়।

এছাড়া সকালে সেগুনবাগিচায় হরতালকারীরা একটি অটোরিকশা ভাংচুর করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। 

নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে তল্লাশির পর থেকে ওই এলাকায় নেতাকর্মীদের কোনো তৎপরতা দেখা না গেলেও চারপাশে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ। ভেতর থেকে তালাবন্ধ করে রাখা হয়েছে বিএনপি কার্যালয়ের মূল ফটক।

সকালে ভবনের ভেতর থেকে সেই বন্ধ গেইটের কাছে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির যুগ্ম-মহাসচিব সালাউদ্দিন আহমেদ।

তিনি বলেন, “আমাদের ভারপ্রাপ্ত মহাসচিবসহ শীর্ষ নেতাদের যেভাবে টেনেহিঁচড়ে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে, তাতে দেশে গণতান্ত্র আছে বলে মনে হয় না। এ সরকার গণতন্ত্র চায় কি না তা নিয়ে আমাদের আগেও সন্দেহ ছিল। এখন তা আবারো প্রমাণিত হলো।” 

‘গণতন্ত্র রক্ষার জন্য’ বিএনপি ও ১৮ দল সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাবে বলে জানান এই বিএনপি নেতা। 

এই কার্যালয়ের সামনেই সোমবার বিকালে ১৮ দলের সমাবেশের শেষ দিকে হঠাৎ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। সে সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তৃতা দিচ্ছিলেন।

বিস্ফোরণের পরপরই বিএনপি কর্মীরা পুলিশের দিকে ঢিল ছুড়তে থাকে এবং সমাবেশ পণ্ড হয়ে যায়। আর মির্জা  ফখরুল মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন।

তিনি অভিযোগ করেন, সরকার পুলিশ লেলিয়ে দিয়ে শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালিয়েছে।

অবশ্য পুলিশ অভিযোগ করেছে, হরতাল ডাকার জন্যই বিএনপি ককটেল ফাটিয়ে নিজেরাই সমাবেশ পণ্ড করেছে।

এর এক ঘণ্টার মাথায় বিএনপি কার্যালয় থেকে ফখরুল, সাদেক হোসেন খোকা, আলতাফ হোসেন চৌধুরী, রুহুল কবির রিজভী, জয়নুল আবদিন ফারুকসহ শতাধিক নেতা-কর্মীকে আটক করে পুলিশ। কার্যালয়ে তল্লাশি চালিয়ে দশটি হাতবোমা উদ্ধারের কথা জানায় পুলিশ।

অবশ্য বিএনপির দাবি, পুলিশই কার্যালয়ের ভেতরে বোমা রেখে নাটক সাজিয়েছে।  

এই পরিস্থিতিতে রাতে গুলশানের কার্যালয়ে মুক্ত জ্যেষ্ঠ নেতাদের নিয়ে বৈঠকে বসেন খালেদা জিয়া। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এক প্রেস ব্রিফিংয়ে বলেন, আটক নেতাদের মুক্তি না দিলে আগামী ১৮ ও ১৯ মার্চ আরো দুদিন হরতাল করবে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল।

বিএনপি, তাদের প্রধান শরিক জামায়াত ও ১৮ দলের পক্ষ থেকে গত সপ্তাহেও সারা দেশে মোট চারদিন হরতাল হয়।।