মঙ্গলবার ১৮ দলের হরতাল
সমাবেশে পরপর কয়েকটি হাতবোমা বিস্ফোরণের পর মঙ্গলবার সারাদেশে হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল।
সোমবার বিকাল পৌনে ৫টার দিকে হঠাৎ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে নয়া পল্টনে ১৮ দলের সমাবেশের পশ্চিম অংশে।
ওই সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তৃতা দিচ্ছিলেন।
বিস্ফোরণের পরপরই ওই সমাবেশ পণ্ড হয়ে যায়। এরপর মির্জা ফখরুল মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন।
তিনি বলেন, “এ সরকার পুলিশ বাহিনী লেলিয়ে দিয়েছে। তাদের সন্ত্রাসীরা আমাদের শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালাচ্ছে। এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।”
এর এক ঘণ্টা পরই দলীয় কার্যালয় থেকে ফখরুল, সাদেক হোসেন খোকা, আলতাফ হোসেন চৌধুরী, রুহুল কবির রিজভী, জয়নুল আবদিন ফারুকসহ শতাধিক নেতা-কর্মীকে আটক করে পুলিশ।
নেতাদের মুক্তি না দিলে আগামী ১৮ ও ১৯ মার্চ আরো দুদিন হরতালের ঘোষণা রাতে দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন রাতে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, “১৮ দলীয় জোটের শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে পুলিশ নির্বিচারে গুলিবর্ষণ, কাঁদানে গ্যাস ও বোমা নিক্ষেপ করে পণ্ড করেছে। এভাবে হামলা চালিয়ে তারা গণতন্ত্রের কফিনে শেষ পেরেকটি মেরেছে।”
এদিকে মঙ্গলবার হরতাল ঘোষণার পরপরই রাজধানীতে বিজিবি টহলে নেমেছে।
বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য সন্ধ্যার পর থেকে ১৮ থেকে ২০ প্লাটুন বিজিবি সদস্য রাজধানীর সড়কগুলোতে টহল দেবে।”
বিজিবি সদস্যদের সকালে ব্যারাকে ফেরার কথা রয়েছে জানিয়ে তিনি বলেন, “তবে প্রশাসন চাইলে মঙ্গলবার দিনেও বিজিবি রাজপথে টহলে থাকবে।”
সোমবার নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশের সময় পুলিশের অবস্থান ছিল পশ্চিম দিকে খানিকটা দূরে কাকরাইলের নাইটিঙ্গেল মোড়ে।
নয়া পল্টনে সোমবার বিএনপির সমাবেশের সময় হঠাৎ ককটেল বিস্ফোরণের পর কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়তে শুরু করে।
উপস্থিত পুলিশ কর্মকর্তাদের দাবি, হাতবোমা বিস্ফোরণ সমাবেশে অংশ নেয়া কর্মীরাই ঘটিয়েছে।
নয়া পল্টনের এই সমাবেশে বিএনপি ছাড়াও জামায়াতে ইসলামী ও ১৮ দলীয় জোট শরিক অন্য দলের নেতারা বক্তব্য রাখেন।
সভা শুরু হয় ইসলামী ছাত্রশিবির নেতা ইয়াসিন আরাফাতের বক্তব্যের মধ্য দিয়ে।
ওই এলাকায় দায়িত্ব পালনরত ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মেহেদী হাসান সাংবাদিকদের বলেন, “সমাবেশস্থলে কোনো পুলিশ ছিল না, পুলিশ ছিল নাইটিঙ্গেল মোড়ে ও পল্টন থানার সামনে।”
“সমাবেশের মধ্যে বিস্ফোরণের পর ১৮ দলীয় জোটকর্মীরাই পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকে এবং গাড়িতে আগুন দেয়।”
বিএনপি নেতারা সমাবেশ পণ্ডের জন্য পুলিশকে দায়ী করেছে।
তবে সমাবেশের মধ্যে কোনো পুলিশের অবস্থান না থাকার কথা তুলে ধরলে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, “তারা নতুন কৌশলে সমাবেশ পণ্ড করেছে।”
সভা পণ্ড হয়ে যাওয়ার পর প্রায় আধা ঘণ্টা ধরে নয়া পল্টন এলাকায় সড়কে উত্তেজিত বিএনপিকর্মীদের অবস্থান ছিল। তারা আশপাশের ভবন লক্ষ্য করে ইটও ছুড়ছিল।
সাড়ে ৫টার দিকে পুলিশ নাইটিঙ্গেল মোড় থেকে ধাওয়া দেয়। তখন কর্মীরা বিভিন্ন গলিতে ঢুকে পড়ে। এসময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে।
সোমবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শতাধিক নেতাকর্মীকে আটক করে পুলিশ।
ঢাকা মহানগর বিএনপির আহবায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে বিএনপি কার্যালয়ের সামনে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চে বিকাল সোয়া ৩টায় এই সমাবেশ শুরু হয়।
দুপুর ২টা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেন ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতা-কর্মীরা দুপুরের দিকে মঞ্চের ডান দিকে অবস্থান নেয়।
দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর সারা দেশে ব্যাপক তাণ্ডব শুরু করে বিএনপির প্রধান শরিক জামায়াতে ইসলামীর কর্মীরা। দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে নিহত হন পুলিশসহ অন্তত ৭০ জন।
এসব হতাহতের ঘটনাকে সরকারের ‘গণহত্যা’ আখ্যায়িত করে বিরোধী দলের নেতা-কর্মীদের নির্যাতন ও গণগ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীসহ সারা দেশে এই বিক্ষোভ সমাবেশ করছে ১৮ দলীয় জোট।
গত বুধবার বিকালে নয়া পল্টনে বিএনপিসহ ১৮ দলীয় জোটের সমাবেশ সংঘর্ষের কারণে সমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর বৃহস্পতিবার সারাদেশে হরতাল করে বিএনপি।
ওই দিন সমাবেশ পণ্ডের জন্য বিএনপি নেতারা সরকারকে দায়ী করলেও পুলিশের দাবি, ১৮দলীয় জোট নেতা-কর্মীরাই সমাবেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে।
