শিবির নেতার বক্তৃতায় ১৮ দলের সমাবেশ শুরু
কড়া নিরাপত্তার মধ্যে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু করেছে ১৮ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ।
কোরআন তেলাওয়াতের পর শুরুতেই বক্তব্য দেন ইসলামী ছাত্র শিবিরের মহানগর নেতা ইয়াসীন আরাফাত।
দুপুর ২টা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেন ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতা-কর্মীরা দুপুরের দিকে মঞ্চের ডান দিকে অবস্থান নেয়।
এদিকে এই সমাবেশ সামনে রেখে সকাল থেকেই নয়া পল্টন সড়কে ব্যাপক সংখ্যক পুলিশ ও র্যাব মোতায়েন রয়েছে। আশেপাশের উঁচু ভবনগুলোর ছাদ থেকেও চলছে নজরদার। সাদা পোশাকের গোয়েন্দা সদস্যরাও নয়া পল্টন এলাকার অলিগলিতে অবস্থান নিয়েছে।
পল্টন মডেল থানার কাছে পুলিশের জলকামান, সাঁজোয়া যানসহ কয়েকটি প্রিজন ভ্যান প্রস্তুত রাখা হয়।
ফকিরাপুল থেকে কাকরাইলের নাইটিঙ্গেল মোড় পর্যন্ত সড়কে যান চলাচল দুপুর আড়াইটা থেকেই বন্ধ করে দেয়া হয়।
দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর সারা দেশে ব্যাপক তাণ্ডব শুরু করে বিএনপির প্রধান শরিক জামায়াতে ইসলামীর কর্মীরা। দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে নিহত হন পুলিশসহ অন্তত ৭০ জন।
এসব হতাহতের ঘটনাকে সরকারের ‘গণহত্যা’ আখ্যায়িত করে বিরোধী দলের নেতা-কর্মীদের নির্যাতন ও গণগ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীসহ সারা দেশে এই বিক্ষোভ সমাবেশ করছে ১৮ দলীয় জোট।
গত বুধবার বিকালে নয়া পল্টনে বিএনপিসহ ১৮ দলীয় জোটের সমাবেশ সংঘর্ষের কারণে সমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর বৃহস্পতিবার সারাদেশে হরতাল করে বিএনপি।
পূর্বঘোষিত ওই সমাবেশ শুরুর কিছু সময় পরই সংঘর্ষ শুরু হয়। পুলিশ এই সংঘর্ষের জন্য বিএনপির রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামীকে দায়ী করে। অন্যদিকে বিএনপি নেতারা বলছেন, সরকার পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরি করে তাদের সমাবেশ পণ্ড করেছে।
বিএনপি জানায়, পুলিশের হামলায় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, যুবদলের সহসভাপতি আবদুস সালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীসহ অনেক নেতা-কর্মী আহত হন।
