২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক নাঈমুল ইসলামের গাড়িতে বোমাহামলা

বিএনপির হরতালের আগের রাতে বোমা হামলায় আহত হয়েছেন সাংবাদিক নাঈমুল ইসলাম খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2013, 06:35 PM

Updated : 23 Aug 2022, 10:21 AM

সোমবার রাত পৌনে ১১টার দিকে মহাখালীতে তার গাড়ি লক্ষ করে বোমা ছোড়া হয়।

দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক নাঈমুল ইসলাম ও তার স্ত্রী ওই সময় গাড়িতে ছিলেন।

তারা দুজনেই আহত হন বলে তাদের পরিবারের সদস্যরা জানিয়েছেন।

নাঈমুল ইসলামের ব্যক্তিগত মোবাইল ফোনে কল করা হলে তাহের পরিচয় দিয়ে একজন বলেন, সম্পাদক ও তার স্ত্রী ল্যাব এইড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ওই ব্যক্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শাহীন কমপ্লেক্সে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন তারা। ফেরার সময় বোমা হামলার শিকার হন।”

নাঈমুল ইসলামের বাসা সেন্ট্রাল রোডে। শাহীন কমপ্লেক্স থেকে বেরিয়ে মহাখালী নিউ ডিওএইচএসের সামনে মোড় ঘোরার সময় তার গাড়িতে বোমা ছোড়া হয়। বোমার আঘাতে গাড়ির ডান পাশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমাদের সময়ের অনলাইন সংস্করণে বলা হয়।

সোমবার বিকালে বিএনপির সমাবেশ পণ্ডের পর মঙ্গলবার দেশব্যাপী হরতালের ঘোষণা দেয়া হয়। এরপর বিএনপি কার্যালয়ে তল্লাশি চালিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। 

হরতালের ঘোষণার পরপরই রাজধানীর ওয়ারির রায়সাহেব বাজার এলাকায় একটি গাড়িতে আগুন দেয়া হয় বলে ঢাকা মহানগর পুলিশের ওয়ারি জোনের উপকমিশনার মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

বিএনপির নেতাকর্মীদের আটকের খবরে বিভিন্ন জেলায় গাড়ি ভাংচুর ও আগুনের খবর পাওয়া গেছে।

মির্জা ফখরুলের জেলা ঠাকুরগাঁওয়ে সোমবার সন্ধ্যা থেকে কার্যত হরতাল শুরু হয়েছে।

কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নোয়াখালী জেলা শাখার সভাপতি মো. শাহজাহানকে আটকের প্রতিবাদে ওই জেলায় বিএনপি নেতাকর্মীরা গাড়িতে ভাংচুর ও আগুন দিয়েছে। রাত ৮টার পর থেকে শহরে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাতে জেলা শহর মাইজদীর পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয়ের সামনে সুবর্ণ সুপার সার্ভিসের দু’টি গাড়িতে আগুন দেয় বিএনপি নেতাকর্মীরা। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

একই সময় শহীদ ভুলু স্টেডিয়াম এলাকাসহ বিভিন্ন সড়কে সড়কে গাড়ি ভাংচুর করা হয়।

জেলা জামে মসজিদের সামনের সড়কে বিএনপি নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশ ধাওয়া দিয়ে তা ছত্রভঙ্গ করে দেয়।

চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, চাঁদপুরেও ভাংচুরের খবর পাওয়া গেছে।