২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিন্দুদের বাড়িঘর-মন্দিরে হামলা, ৩৪ জন রিমান্ডে

নোয়াখালীর রাজগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর-মন্দিরে হামলা, ‍লুটপাট ও আগুন দেয়ার ঘটনায় গ্রেপ্তার ৩৪ জনকে ‍পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নোয়াখালী,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2013, 01:41 PM

Updated : 23 Aug 2022, 10:21 AM

সোমবার ছয় জনকে পাঁচ দিন করে এবং ২৮ জনকে একদিন করে রিমান্ডের এই আদেশ দেন জেলার আমলী আদালত।

বেগমগঞ্জ থানার ওসি সৈয়দ আহসানুল ইসলাম বলেন, ওই ৩৪ জনকে দশ দিনের হেফাজতে নেয়ার আবেদন করা হয়।

একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে গত ২৮ ফেব্রুয়ারি জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ বাদি হয়ে ৭১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরো দেড় হাজার থেকে দুই হাজার জনকে আসামী করে মামলা করে।

এই মামলায় সোমবার আরো একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত বেলাল হোসেন ওরফে ‘রাজাকার বেলাল’ রাজগঞ্জ ইউনিয়নের ছোট হোসেনপুর গ্রামের আবদুস সালামের ছেলে।

ওসি সৈয়দ আহসানুল ইসলাম বলেন, বেলালের বিরুদ্ধে যুদ্ধাপরাধ, ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে বেশকিছু মামলা আছে।

হিন্দুদের বাড়িঘর-মন্দিরে হামলার ঘটনায় তাকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।