২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমা চেয়ে শিবিরকে ‘মূলস্রোতে’ ফিরতে বললেন নাহিদ

ইসলামী ছাত্রশিবিরকে ‘মূলস্রোতে’ ফিরে আসার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেনে, নইলে তারা পালাবার পখ পাবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2013, 12:13 PM

Updated : 23 Aug 2022, 10:22 AM

সোমবার এক সমাবেশে শিবিরকে উদ্দেশ্য করে তিনি বলেন, “জাতির কাছে ক্ষমা চেয়ে শপথ করে পূর্বপুরুষদের অপকর্ম থেকে মূলস্রোতে ফিরে আসুন। বোধোদয় না ঘটলে রাজাকার-আলবদর ও জামায়াত-শিবিরের ঘাতকরা পালাবার পথ পাবে না।”

দেশাত্মবোধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নতুন প্রজন্ম ‘অহিংস’ আন্দোলন করছে বলেও মন্তব্য করেন নাহিদ।

মন্ত্রী বলেন, “একাত্তরের পরাজিত ঘাতকরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে ইতিহাসের চাকা ঘুরিয়ে দিতে চেয়েছিল। নতুন করে তারা একই কায়দায় মানুষ হত্যা, ঘরবাড়ি জ্বালিয়ে, মন্দির ধ্বংস, নারী নির্যাতন ও গুম শুরু করেছে। কিন্তু দেশাত্মবোধে জেগে উঠেছে নতুন প্রজন্ম।”

এর আগে দেশব্যাপী সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০১৩ এর উদ্বোধন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত র‌্যালি হয়। এতে ঢাকা মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেয়।

র‌্যালী শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এই সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নাহিদ।

তিনি বলেন, বর্তমান মেধাবী প্রজন্মই জাতির আগামী যোগ্য কর্ণধার হবে। তারা তাদের মেধা, মনন, দেশপ্রেম ও জাতীয়তাবোধ দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী জঙ্গী জামায়াত-শিবিরের অপতৎপরতা রুখবে।

প্রথাগত শিক্ষার পাশাপাশি শহর-গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিতেই সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।

এ প্রসঙ্গে তিনি অারো উল্লেখ করেন, নতুন প্রজন্মকে দক্ষ-যোগ্য পরিপূর্ণ মানুষ হিসাবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।শিক্ষার্থীদেরকে সৃজনশীল পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য প্রচলিত ক্লাস-পরীক্ষা, পাঠ্যবই পড়া, ভালো ফলাফলের পাশাপাশি সুপ্ত প্রতিভা বিকাশে নজর দেয়ার পরামর্শ দেন মন্ত্রী।

শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুনও সমাবেশে বক্তব্য দেন।

ষষ্ঠ-অষ্টম, নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের তিনটি গ্রুপে ভাগ করে চারটি বিষয়ের উপর বছরের সেরা ১২ মেধাবী নির্বাচন করবে শিক্ষা মন্ত্রণালয়।

এবার ভাষা ও সাহিত্য, বিজ্ঞান, গণিত ও কম্পিউটার এবং বাংলাদেশ স্টাডিজ বিষয়ের উপর প্রতিযোগিতা হবে।

উপজেলা পর্যায়ে আগামী ১১-১৩ মার্চ, জেলা পর্যায়ে ১৬-১৮ মার্চ, বিভাগ/ঢাকা মহানগর পর্যায়ে ২১-২৪ মার্চ এবং জাতীয় পর্যায়ে ২৯-৩০ মার্চ এ প্রতিযোগিতা হবে।