যশোরে স্বর্ণের দোকানে ডাকাতি, মাগুরায় আটক
যশোর সদরে বুধবার একটি স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে।
এ সময় আশপাশের দোকানিরা এগিয়ে এলে বোমার বিস্ফোরণ ঘটিয়ে ডাকাতরা পালিয়ে যায়।
ডাকাতরা ৭০ ভরি স্বর্ণালঙ্কার লুট করেছে বলে দাবি করেছেন ‘বাণী জুয়েলারি ওয়ার্কাস’র স্বত্ত্বাধিকারী স্বপন চন্দ্র।
এদিকে পালানোর সময় চার ডাকাতকে মাগুরা শহরে আটকের পর পিটুনি দিয়ে পুলিশে হস্তান্তর করেছে এলাকাবাসী।
আহত পুলিশ কর্মকর্তা এবং ডাকাতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ওসি গোলাম রহমান বলেন, দুপুর দেড়টার দিকে একটি মাইক্রোবাস দোকানটির সামনে এসে দাঁড়ায়। এসময় চার যুবক দোকানে ঢুকে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র বের করে শো-কেস ভেঙ্গে লুট করতে শুরু করে।
আশেপাশের দোকানিরা বুঝতে পেরে এগিয়ে এলে বাইরে গাড়ির কাছে দাঁড়িয়ে থাকা দুইজন বোমা ছুড়তে শুরু করে। তারা তিনটি বোমার বিষ্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
মাগুরা প্রতিনিধি জানান, যশোরের এ ডাকাতির পর দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় মাগুরা সদরে চার জনকে আটক করেছে পুলিশ। এ সময় ডাকাতের বোমা হামলায় এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
এ সময় এলাকাবাসীর পিটুনিতে তিন ডাকাত আহত হয়েছে।
আহত উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান। চার ডাকাতের মধ্যে তিন জন হলেন খলিলুর রহমান (৩০), শাহজাহান (৩০) ও মিলনকে (৩০) মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের পরিচয় জানা যায়নি।
মাগুরা সদর থানার ওসি জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যশোরে স্বর্ণের দোকানে ডাকাতি করে তারা মাগুরার দিকে আসছিল।
বেলা ৩টার দিকে যশোর পুলিশের কাছে এ খবর পেয়ে মাগুরা সদর থানা পুলিশ মাগুরা-যশোর রোডের ভাইনার মোড়ে অবরোধ দিয়ে তাদের মাইক্রোবাসকে আটকানোর চেষ্টা করে।
তিনি বলেন, ডাকাতরা মাইক্রোবাস থেকে হাতবোমা নিক্ষেপ করে পালানোর সময় পুলিশ ধাওয়া করে মাগুরা-ঝিনাইদহ সড়কের ছোটব্রিজ থেকে তিন জনকে আটক করে।
তবে কোনো স্বর্ণালঙ্কার উদ্ধার করা যায়নি বলে তিনি জানান।
