হিন্দু পল্লীতে আগুন: বাঁশখালীতে জামায়াতের দুজন গ্রেপ্তার
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ি ও মন্দিরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় জামায়াত-শিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সকালে উপজেলার গুনাগরি থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানায়।
গ্রেপ্তার জামায়াত-শিবিরকর্মীরা হলেন মো. ফারুক (২৫) ও মো. কাউছার (২২)।
এনিয়ে গত পাঁচ দিনে মোট ৩১ জন গ্রেপ্তার হলেন বলে জানিয়েছেন বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহজাহান খান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সকালে উপজেলার গুনাগরি থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত বাঁশখালী উপজেলার রামদাশ হাট, জলদী, চাম্বল, নাপোড়াসহ বিভিন্ন ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের ঘর বাড়ি, মন্দির, ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় জামায়াত-শিবির।
শীলকূপা গ্রামে দয়াল হরি শীলকে ওই সময় কুপিয়ে হত্যা করা হয়।
