ত্বকির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ডিসি অফিস ঘেরাও
গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা রফিউর রাব্বির ছেলে তানভীর মোহাম্মদ ত্বকি হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও ও বিক্ষোভ করেছে সাংস্কৃতিক জোট।
সোমবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে এই বিক্ষোভ শেষে সংস্কৃতিকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ের গিয়ে স্মারকলিপি দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের চাষাঢ়ায় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সংস্কৃতিকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয় গেলে প্রধান ফটক তালাবদ্ধ করে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় নেতাকর্মীরা তালা ভেঙ্গে মিছিল নিয়ে কার্যালয়ের ভেতরে ঢুকে যান।
এরপর কয়েকজন প্রতিনিধি গিয়ে জেলা প্রশাসক মনোজ কান্তি বড়ালকে স্মারকলিপি গ্রহণের অনুরোধ জানালে তিনি অস্বীকৃতি জানান। আধাঘণ্টা বিক্ষোভের পর তিনি স্মারকলিপি গ্রহণ করেন বলে জানান খেলাঘর নারায়ণগঞ্জ জেলা সভাপতি রথীন চক্রবর্তী।
জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিয়ম অনুযায়ী অফিসে স্মারকলিপি দিতে হয়, এই কারণেই তিনি প্রথমে নিচে যেতে অস্বীকৃতি জানান।
“যেহেতু এটি একটি নৃশংস হত্যাকাণ্ড এ কারণে পরে নিচে গিয়ে স্মারকলিপি গ্রহণ করি এবং তাদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করি,” যোগ করেন জেলা প্রশাসক।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, রফিউর রাব্বি ইতিপূর্বে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন, বাস ভাড়া কমানোর দাবিতে আন্দোলন, রেলওয়ে জমি দখলের বিরুদ্ধে প্রতিবাদসহ বিভিন্ন নাগরিক আন্দোলনে নেতৃত্ব দেয়ার কারণে তার ছেলে ত্বকিকে খুন করা হয়েছে। গত ৬ মার্চ বুধবার বিকেল থেকে ত্বকি নিখোঁজ হওয়ার পর থেকে স্থানীয় র্যাব ও পুলিশ কার্যালয়ে যোগাযোগ করা হলেও তাদের দৃশ্যমান কোনো তৎপরতা দেখা যায়নি।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য দেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ, সাধারণ সম্পাদক মনি সুপান্থ, সাবেক সভাপতি ভবানী শংকর রায়, উদীচীর জেলা সভাপতি জাহিদুল হক ভূঁইয়া দিপু প্রমুখ।
দুদিন নিখোঁজ থাকার পর শুক্রবার সকালে শীতলক্ষ্যা নদী থেকে এবিসি ইন্টারন্যাশনাল স্কুল থেকে ‘এ’ লেভেল পরীক্ষায় অংশ নেয়া এই মেধাবী কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন।
রফিউর রাব্বি তার ছেলের হত্যার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।
কর্মসূচির মধ্যে রয়েছে- ১২ মার্চ মঙ্গলবার বিকেল ৪টায় শহীদ মিনারে নাগরিক শোকসভা, ১৩ মার্চ বুধবার দিনব্যাপী এলাকায় এলাকায় গণসংযোগ, ১৪ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় শহীদ মিনারে ছাত্র সমাবেশ ও ১৫ মার্চ শুক্রবার বিকাল ৪টায় শহীদ মিনারে গণজমায়েত।
