‘সরকার তারেককে ভয় পায়’
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ‘ভয় পাওয়ার কারণে’ সরকার তার বিরুদ্ধে ‘অপপ্রচার’ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় প্রধান হুইপ।
জাতীয় প্রেসক্লাবের সামনে শুক্রবার জাতীয়তাবাদী কর্মজীবী কল্যাণ পরিষদ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক। ছবি: আসাদুজ্জামান প্রামানিক/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ ঢাকা, ডিসেম্বর ০৭, ২০১২
তিনি বলেন, “সরকার তারেক রহমানকে ভয় পায় বলে তার বিরুদ্ধে নানা মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে।”
একই কারণে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়েও তারেক রহমানের ওপর ‘আক্রোশ’ দেখানো হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
২০০৭ সালের ৭ মার্চ দুর্নীতির অভিযোগে তারেক রহমানকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। পরে আদালত থেকে জামিন নিয়ে চিকিৎসার জন্য লন্ডন যান। সেই থেকে সেখানেই অবস্থান করছেন তারেক রহমান।
নয়া পল্টনে মহানগর বিএনপির কার্যালয়ের মওলানা ভাসানী মিলনায়তনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনায় সংলাপ প্রসঙ্গে জয়নুল আবদিন ফারুক বলেন, “এখনো সংকট নিরসনের পথ খোলা আছে। সরকারের কোর্টেই বল।”
সংবিধানে নির্দলীয় সরকার ব্যবস্থা পুনঃসংযোজন করলেই দেশে আর নৈরাজ্য ও সংঘাত সৃষ্টি হবে না বলেও মন্তব্য করেন তিনি।
ফারুক বলেন, নির্বাচনকালীন সময়ে ওই ধরনের সরকারের নিশ্চিয়তা পেলে বিএনপি সরকারের সঙ্গে সংলাপে বসার বিষয়টি বিবেচনা করবে।
বিরোধী দলকে দমনের জন্যই সরকার সন্ত্রাস প্রতিরোধ কমিটি করছে মন্তব্য করে তিনি বলেন, “আলোচনার নাম করে সন্ত্রাস দমন কমিটি করা হলে আমরা (বিরোধী দল) বসে বসে চকলেট খাবো না। এর বিরুদ্ধে ‘কমিটি ফর পাবলিক সেফটি’ গঠন করে প্রতিরোধ গড়ে তোলা হবে।”
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের আন্দোলনকারীদের সমালোচনা করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, “আওয়ামী লীগ ও বামদের পাতানো এই খেলা বন্ধ করতে হবে।”
জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী নূরী আরা সাফার সভাপতিত্বে অন্যদের মধ্যে মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, সহসভাপতি রাবেয়া সিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক বিলকিস জাহান শিরিন, মহানগর সভাপতি সুলতানা আহমেদ, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন, সাংগঠনিক সম্পাদক মিলি জাকারিয়া, সাংসদ রাশেদা বেগম হীরা বক্তব্য দেন।
