২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালের জন্য আর শুনানি পেছাবে না ট্রাইব্যুনাল

হরতালসহ বিভিন্ন কারণ দেখিয়ে শুনানি মুলতবির আবেদন আর না করতে জামায়াতে ইসলামীর মুক্তিযুদ্ধকালীন আমির গোলাম আযমের কৌঁসুলিদের জানিয়ে দিয়েছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2013, 03:01 PM

Updated : 23 Aug 2022, 10:21 AM

রোববার আসামি পক্ষ শুনানির আবেদন করলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল- ১ একথা জানায়।

গোলাম আযমের বিরুদ্ধে যুদ্ধাপরাধের পাঁচটি অভিযোগে বিচার চলছে। মামলাটি বর্তমানে আসামি পক্ষের যুক্তি-তর্ক উপস্থাপনের পর্যায়ে রয়েছে।

বিভিন্ন কারণ দেখিয়ে আসামি পক্ষের আইনজীবীরা এর আগেও শুনানি মুলতবির আবেদন করেন। এছাড়া হরতালের দিনগুলোতেও অনুপস্থিত থাকতে দেখা যায় তাদের।

সকালে দিনের শুরুতে গোলাম আযমের আইনজীবী মিজানুল ইসলাম তার প্রস্তুতির ঘাটতির কথা জানিয়ে এক সপ্তাহের জন্য শুনানি মুলতবির আবেদন করেন।

তিনি বলেন, দুদিন আগে তার শাশুড়ি মারা গেছেন এবং রোববার সকালে তিনি ঢাকায় এসেছেন।

“তাই আমি পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারিনি।”

এটি সময়ক্ষেপণের আরেকটি অজুহাত উল্লেখ করে প্রসিকিউটর সুলতান মাহমুদ তখন বলেন, “তারা আদালতে হাজির হতে না পারার কারণ হিসেবে ‘অনিবার্য কারণ’ (কার্যত হরতাল) দেখানো অব্যাহত রেখেছেন। কিন্তু এরকম অবস্থার জন্য প্রসিকিউশন দায়ী নয়।”

মিজানুল ছাড়াও গোলাম আযমের আরো কয়েকজন কৌঁসুলি থাকার বিষয়টি তুলে ধরে প্রসিকিউটর বলেন, বাস্তবে বিএনপি ও জামায়াতের হরতালই তারা কারণ দেখাচ্ছেন।

ট্রাইব্যুনালের অন্যতম বিচারপতি জাহাঙ্গীর হোসেন তখন বলেন, তাদের কাছে দেয়া আবেদনে এই রকম কোনো বিবরণ নাই।

এই পর্যায়ে আসামি পক্ষের আইনজীবী কথা বলতে চাইলে বিচারক বলেন, তার বরং গণমাধ্যমকে বলা উচিত ওই আবেদনে কী ছিল।

বিচারক এরপর আবেদনের বিষয়গুলো উল্লেখ করেন। তখন মিজানুল বলেন, “কিন্তু আমি বিষয়গুলো তুলে ধরে আরেকটি আবেদন করতে পারি।”

ট্রাইব্যুনালের চেয়ারম্যান এটিএম ফজলে কবির এই প্রস্তাব বাতিল করে বলেন, “এটা নতুন করে আবেদনের প্রশ্ন নয়। বিষয়টা হলো আপনারা আমাদের সহযোগিতা করতে চান না।”

আসামি পক্ষ প্রতিবাদ জানালে চেয়ারম্যান বলেন, “আপনার আবেদনে এটা পরিষ্কার যে আপনারা সহযোগিতা করতে চান না।”

তিনি আবেদন উল্লেখ করে বলেন, এখানে সমাপনী যুক্তি উপস্থাপনের শুরুর তারিখ ১৭ ফেব্রুয়ারি উল্লেখ করা হয়েছে। তাতেও প্রস্তুতির জন্য আসামি পক্ষ অনেক সময় পেয়েছেন।

তারপরও আসামি পক্ষের আইনজীবী মুলতবির বিষয়ে চাপাচাপি করতে থাকলে বিচারক হোসেন বলেন, আইনজীবী তার বক্তব্য শুরু করতে পারেন। “তারপর আমরা দেখব।”

এর পর মিজানুল ইসলাম তার যুক্তি তুলে ধরে মুলতবির আবেদন আবার তুলে ধরেন।

এসময় ট্রাইব্যুনাল সপ্তাহ জুড়ে আর কোনো মামলার শুনানি না থাকার তথ্য তুলে ধরে আশা প্রকাশ করেন, আসামি পক্ষ এসময় যুক্তি উপস্থাপনের জন্য প্রস্তত থাকবে।

ট্রাইব্যুনাল বলেন, “আমরা প্রসিকিউসনের বক্তব্য বিস্তারিত শুনেছি এবং একইভাবে আপনাদের কাছেও শুনতে চাই।”

ট্রাইব্যুনাল আরো উল্লেখ করেন, আসামি পক্ষের প্রধান আইনজীবীর অনুপস্থিতিতে দলের পক্ষ থেকে অন্য কোনো আইনজীবী যুক্তি উপস্থাপন অব্যাহত রাখবেন বলে আশা করেন তারা।

মিজানুল ইসলাম বলেন, “হ্যাঁ, অবশ্যই।”

গত ১২ ডিসেম্বর প্রথম দফায় ৫২ দফা অভিযোগ উত্থাপন করে গোলাম আযমকে গ্রেপ্তারের আবেদন জানায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন। ট্রাইব্যুনালের নির্দেশে তা পুনর্বিন্যস্ত করে ৫ জানুয়ারি আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপন করা হয়।

বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী গোলাম আযম ১৯৭১ সালে শান্তি কমিটি, রাজাকার ও আলবদর বাহিনী গঠনে নেতৃত্ব দেন, যাদের সহযোগিতা নিয়ে পাকিস্তানি সেনারা বাংলাদেশে ব্যাপক হত্যা ও নির্যাতন চালায়।

তার বিরুদ্ধে একাত্তরে শান্তি কমিটি, রাজাকার ও আলবদর বাহিনী গঠন করে ব্যাপক হত্যা ও নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে।

১৯৭১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামীর আমীর গোলাম আযম সে সময় বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও প্রকাশ্যে তদবির চালিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

১৯৭১ থেকে ৭ বছর লন্ডনে অবস্থান করার পর ১৯৭৮ এ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে আবার বাংলাদেশে আসেন এই জামায়াত নেতা। ২০০০ সাল পর্যন্ত বাংলাদেশে দলকে নেতৃত্ব দেন তিনি।

বাংলাদেশে ফেরার পর দীর্ঘদিন তার নাগরিকত্ব না থাকলেও বিএনপি সরকারের সময় উচ্চ আদালতের আদেশে নাগরিকত্ব ফিরে পান গোলাম আযম।