বাঁশখালী ঘটনায় ৬ জামায়াত-শিবির কর্মী গ্রেপ্তার
চট্টগ্রামের বাঁশখালীতে হিন্দু সম্প্রদায়ের বসত বাড়ি ও মন্দিরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় জামায়াত-শিবিরের ছয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার ভোরে উপজেলার বাহারছড়ি এবং দুপুরে গুণাগরি ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জামায়াত-শিবির কর্মীরা হলেন, মো. হারুনর রশিদ (৪৫), আবদুল আজিজ (৩০), মো. আলমগীর (২৬), মো. ছগির (৪২)।
এদের সবার বাড়ি বাঁশখালী উপজেলার বাহারছড়া গ্রামে এবং মো. ইদ্রিস (৪৫) ও মো. হানিফ (৪৮) সাতকানিয়া উপজেলার কাপারিয়া গ্রামের বাসিন্দা।
এরা সবাই জামায়াত-শিবিরের কর্মী।
দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর ২৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত বাঁশখালী উপজেলার রামদাশ হাট, জলদী, চাম্বল, নাপোড়াসহ বিভিন্ন ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের ঘর বাড়ি, মন্দির, ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় জামায়াত-শিবির ও সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠী।
এছাড়া শিলকূপা গ্রামে দয়াল হরি শীল নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়।
