২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁশখালীতে হামলাকারীদের গ্রেপ্তারে নির্দেশ আদালতের

চট্টগ্রামের বাঁশখালীতে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলায় জড়িতদের সাত দিনের মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2013, 11:20 AM

Updated : 23 Aug 2022, 10:21 AM

সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেয়।

আদালত আগামী ৬০ দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত বাড়ি ঘর ও মন্দির পুণঃনির্মাণ ও এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রামের জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর জামায়াত-শিবির বাঁশখালী পৌরসদর, দক্ষিণ জলদী, চাম্বল বাজার, শীলকূপসহ বিভিন্ন স্থানে তা-ব চালায়। এর মধ্যে কয়েকটি জেলায় মন্দিরে হামলা হয়, পুড়িয়ে দেয়া হয় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর-দোকান।

এ ঘটনায় প্রশাসন ইতোমধ্যে কি কি ব্যবস্থা নিয়ে তার একটি প্রতিবেদন আগামী ১৪ মার্চের মধ্যে আদালতে জমা দিতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়কে নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়া দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কেন ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হবে না, তা জনতে চেয়ে রুল জারি করেছে আদালত।

স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, চট্টগ্রাম জেলা প্রশাসক ও পুলিশ সুপার, বাঁশখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও একই থানার ওসিকে ১০দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বাঁশখালীর ঘটনা নিয়ে জাতীয় ও স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত কয়েকটি প্রতিবেদন গতকাল সংশ্লিষ্ট আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং অ্যাডভোকেট অনুপম বিশ্বাস। পরে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেয়।

পুরনো খবর:

নয়দিনেও কাটেনি শঙ্কা