নয়দিনেও কাটেনি শঙ্কা
বাঁশখালী পৌর সদরের অদূরেই ঋষি মঠ ও মিশনের অধ্যক্ষ রামানন্দপুরী মহারাজ বলছিলেন, প্রতি মুহূর্তেই তারা শঙ্কার মধ্যে দিনাতিপাত করছেন। সন্ত্রস্ত কখন আবার হামলা হয়।
শুধু ঋষিমঠ নয়, বাঁশখালী পৌর সদর ও এর আশেপাশের বিভিন্ন গ্রাম ও এলাকায় জামায়াতের কর্মীদের হামলার শিকার হওয়া ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের চোখে-মুখে এখনো উৎকণ্ঠা।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর জামায়াত-শিবির বাঁশখালী পৌরসদর, দক্ষিণ জলদী, চাম্বল বাজার, শীলকূপসহ বিভিন্ন অঞ্চলে তাণ্ডব চালায়। বাদ যায়নি মন্দিরগুলোও।
এই কয়দিনে হামলায় জড়িত কেউ গ্রেপ্তার না হওয়ায় অনেকেই প্রকাশ করলেন ক্ষোভ। নিজেদের অনিরাপদ ভেবে রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পালা করে পাহারা দিচ্ছেন তারা।
আগুনে পুড়ে দেয়া শীল পাড়ার ছয় ঘরে এই নয়দিনে ওঠেনি কোন নতুন ঘর। মাথার ওপর ছাউনি না থাকলেও নিরাপত্তার দৈন্যতার কথা ভেবে তারা নতুন করে ঘরও তুলছেন না।
শনিবার সকালে বাঁশখালী পৌর সদরের ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।
জামায়াত-শিবিরের আগুনে উপজেলা প্রশাসন, আদালত ভবনের প্রায় সকল নথিপত্র ভস্মীভূত হয়। পাশাপাশি সদরের শীলপাড়ায় তারা পুড়িয়ে দেয় ছয়টি হিন্দু বসতঘর, তিনটি মন্দির ও দশটি দোকান।
শীলপাড়ায় পুড়ে যাওয়া সাতটি ঘরে গিয়ে দেখা যায়, পুড়িয়ে দেয়া ঘরগুলো যেমন ছিল তেমনই আছে। ওইসব ঘরের নারী-পুরুষরা গিয়ে থাকছেন অন্য পাড়ায় আত্মীয়দের বাড়িতে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে নতুন করে ঘর তোলার জন্য প্রতি পরিবারকে ঢেউ টিন দেয়া হলেও নিরাপত্তার কথা ভেবে তারা এখনো কোন সিদ্ধান্তে যেতে পারছেন না।
“যারা গোয়ালঘরে থাকা দুটি গরুকেও রেহাই দেয়নি তারা আবার হামলা করবে না এর গ্যারান্টি কী,” শীলপাড়ায় নিজের পোড়া ভিটেতে দাঁড়িয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন পুলিন শীল।
তার অপর তিনভাই সুনীল শীল, দুলাল শীল ও আশিষ শীলের ঘরও পুড়িয়ে দেয়া হয়েছে। পুড়েছে ওই এলাকায় থাকা একটি ছোট লোকনাথ মন্দিরও।
সেদিনের হামলার বর্ণনা দিয়ে তিনি বলেন, “বিকালের দিকে কয়েক হাজার লোক এসে মারধর করে এবং চারটি ঘরে আগুন দেয়। পরে অদূরে আরো দুটি শীলবাড়িতেও আগুন দেয় তারা।”
“আমাদের মারধর করে আগুন দেওয়ার সময় তারা বলে, নৌকায় যদি ভোট দিস তাহলে এরকম মাইর খাবি।”
পুলিন শীলের স্ত্রী নিপু শীল জানান, যেদিন হামলা হয় সেদিন তারা ঘরের বউরা হাতের শাখা ভেঙ্গে নিজেদের রক্ষা করার চেষ্টা করেছেন।
তিনি বলেন, “প্রথম তিনদিন এলাকায় না থাকলেও পরে এসে হামলার হাত থেকে বেঁচে যাওয়া একমাত্র ঘরে কোনরকমে চার পরিবারের সদস্যরা থাকছি।”
নিজেদের নিরাপত্তার বিষয়ে নিপু শীল বলেন, “রাতে এলাকার লোকজন পালা করে প্রতিদিন পাহারা দিচ্ছেন।”
পুলিশ বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা দেয়ার কথা বললেও তা যথাযথ নয় দাবি করেন নিপু।
শুধু হামলার শিকার হওয়া সদর ও পৌরদরের শীল পাড়া নয় বাঁশখালী উপজেলার বিভিন্ন হিন্দু অধ্যুষিত এলাকায়ও রাত জেগে পাহাড়া দিচ্ছে স্থানীয় যুবকরা।
বাঁশখালীর পৌর সদরের জলদি এলাকায় সরেজমিনে গিয়ে দেখা গেছে, জামায়াত-শিবিরের তা-বের ক্ষত উপজেলা প্রশাসন, আদালত ভবন, মূল সড়কের পাশে থাকা হিন্দুদের দোকানপাটসহ কয়েকটি মন্দির।
জামায়াত শিবিরের কর্মীরা আগুন দিয়ে ভস্মীভূত করেছে প্রশাসনের ত্রিশ বছরের পুরনো দলিলপত্র, আদালতভবনের মামলার সকল নথিপত্র, উপজেলা শিক্ষা অফিসে থাকা বইসহ সকলপ্রকার দলিলপত্র, নির্বাহী কর্মকর্তার ব্যবহৃত গাড়ি।
ক্ষতিগ্রস্তরা শঙ্কার কথা বললেও হামলা পরবর্তী সময়ে সংখ্যালঘু পরিবারগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দেয়া হয়েছে বলে জানালেন বাঁশখালী থানার ওসি আবদুস সবুর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আমাদের সীমিত জনবলের মধ্য দিয়ে ওইদিন যথাসম্ভব চেষ্টা করেছি। পরবর্তীতে যাদের ঘরবাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে সেসব এলাকা এবং সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এর বাইরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারদেরও এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে বলে জানান তিনি।
গত ২৮ ফেব্র“য়ারি জামায়াত-শিবিরের তাণ্ডবে মোট ৬৭ ধর্মীয় সংখ্যালঘু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন বাঁশখালী পরিদর্শনে আসা জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।
হামলায় ক্ষতিগ্রস্ত শীলপাড়ার ছয়পরিবারকে প্রশাসনের তরফ থেকে প্রত্যেককে এক বান ঢেউটিন, দুই কেজি চিনি, এককেজি চিড়া, ২৫ কেজি করে চাল দেয়া হয়েছে।
এর বাইরে শনিবার ঢাকা থেকে আসা একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ১৫ হাজার টাকা করে নগদ অর্থ সাহায্য দেয়া হয়।
