আগাম জামিন পেলেন ফখরুলসহ ৮ জন
ভাংচুর ও গাড়িতে অগ্নিসংযোগের মামলায় হাই কোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির আট নেতা।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সহ-সভাপতি আবদুল্লাহ আল নোমান পাঁচ মামলায় চার সপ্তাহের জামিন পেয়েছেন।
আর স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ও মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান ও বরকত উল্লাহ বুলু এবং ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে ছয় মামলায় চার সপ্তাহের জামিন দিয়েছে আদালত।
জামিন আবেদনের শুনানির জন্য বিএনপি নেতারা দুপুরে হাই কোর্টে হাজির হন। তাদের পক্ষে আদালতে শুনানি করেন মাহবুব উদ্দীন খোকন, খন্দকার মাহবুব হোসেন ও বার সভাপতি জয়নুল আবেদীন।
অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মমতাজ উদ্দিন ফকির ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মামুন।
গত ২ মার্চ বিকেলে বিএনপির বিক্ষোভ মিছিল থেকে রাজধানীর শান্তিনগর-মালিবাগ এলাকায় ভাংচুর ও গাড়িতে আগুন দেয়ার ঘটনায় পাঁচটি মামলা করে পুলিশ, যাতে প্রধান আসামি করা হয় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে।
ওই পাঁচ মামলার মধ্যে রমনা মডেল থানায় দুটি, পল্টন থানায় দুটি এবং শাহজাহানপুর থানায় একটি মামলা হয়। পল্টন থানায় দু’টির মধ্যে একটি দ্রুত বিচার আইনে এবং অপরটি বিস্ফোরক আইনের মামলা।
এছাড়া শনিবার রাতে মওদুদ আহমদসহ ৪৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে আরেকটি মামলা হয় পল্টন থানায়।
এর আগে গত বছর ৯ ডিসেম্বর ১৮ দলের অবরোধে ভাংচুরের ছয় মামলায় ৫৪ দিন কারাগারে কাটাতে হয় ফখরুলকে। গত ৫ ফেব্রুয়ারি তিনি জামিনে মুক্তি পান।
গতবছরও হরতালে ভাংচুরের মামলায় মাসখানেক কারাগরে ছিলেন ফখরুল। পরে তিনি জামিনে ছাড়া পান।
